আদানির বিনিয়োগের জন্যই ট্রাম্পের বিরুদ্ধে ‘নীরব মোদী’, নয়া অভিযোগ রাহুলের!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবারও ‘আদানি যোগের’ অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী অবস্থানের পরেও প্রধানমন্ত্রী নীরব, কারণ তাঁর হাত-পা বাঁধা। রাহুল গান্ধীর দাবি, আমেরিকায় গৌতম আদানির বিপুল বিনিয়োগ সুরক্ষিত রাখার চাপেই প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ইতিমধ্যেই উচ্চ হারে রপ্তানি শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। এর আগে রাহুল গান্ধী ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করেছিলেন এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
রাহুল গান্ধী এবং বিরোধী দলের অন্যান্য নেতারা বারবার অভিযোগ করে আসছেন যে, প্রধানমন্ত্রী নিজের স্বার্থে দেশের অপমান হজম করছেন। সম্প্রতি লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্ক চলাকালীনও বিরোধীরা একই অভিযোগ তুলেছিল। ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এই দাবির পরিপ্রেক্ষিতে যদিও ভারতের বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী সরাসরি ট্রাম্পের নাম না নিয়েই তা নাকচ করে দিয়েছিলেন।
লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কে রাহুল গান্ধী বলেছিলেন, “নরেন্দ্র মোদীর মধ্যে যদি ইন্দিরা গান্ধীর ৩০ শতাংশ সাহসিকতা থাকত, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে মুখের উপর জবাব দিতেন।”
বুধবারের নতুন পোস্টে রাহুল ফের আদানির নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না, কারণ তাঁকে আমেরিকায় গৌতম আদানির বিনিয়োগ সুরক্ষিত রাখতে হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।