লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জলমগ্ন দক্ষিণবঙ্গ, ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গে লাগাতার ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন স্থানে। রাজ্য সরকার এই পরিস্থিতির জন্য ডিভিসির (DVC) ছাড়া জলকেই দায়ী করেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল, আরামবাগ সহ বিভিন্ন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘাটালে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ দীপক অধিকারী।
মুখ্যমন্ত্রী বলেন, “অসম বন্যার টাকা পায়, বাংলাকে দেয় না। এখন ওরা বলে বাংলা কোনো ভাষাই নয়। আবার বলছে আমি কেন বলেছি তাই আমায় ন্যাশনাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করা উচিত।” তিনি কেন্দ্রের বিরুদ্ধে এনআরসি (NRC) চালু করার অভিযোগ তুলে বলেন, “এসআইআর (SIR) এর নামে এনআরসি করার চেষ্টা হচ্ছে। মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে না।” এই ঘটনাকে তিনি ‘ডাবল ইঞ্জিন সরকারের পরিকল্পনা মাফিক খেলা’ বলে অভিহিত করেন।
ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি যা জল ছেড়েছে তা সব রেকর্ড ছাপিয়ে গেছে। ২০ বছর ধরে ড্রেজিং করেনি। বর্ষা হলেই বাংলায় জল ছাড়ছে।” তিনি জানান, রাজ্য সরকারও এবার গেমপ্ল্যান করবে এবং বাঁধ তৈরি করে অন্য জায়গায় জল ছাড়ার পরিকল্পনা করবে। তিনি আরও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি, তাই রাজ্য সরকার নিজেই দেড় হাজার কোটি টাকার পরিকল্পনা নিয়েছে।