কলকাতার জলাভূমি রক্ষায় আদালতের কড়া বার্তা, রাজ্যকে টাইমলাইন দেওয়ার নির্দেশ

কলকাতার জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে প্রশ্ন করেছেন, কলকাতার জলাভূমি আবার কবে আগের অবস্থায় ফিরে আসবে এবং এই বিষয়ে একটি নির্দিষ্ট টাইমলাইন দিতে নির্দেশ দিয়েছেন। মুকুন্দপুরের জলাভূমি সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি এই মন্তব্য করেন।
বিচারপতি সিনহা বলেন, “যাঁরা এই ধরনের মামলা করছেন, জলাভূমি বাঁচাতে রাজ্যের উচিত সেই সব মামলাকারীদের পাশে দাঁড়ানো।” তিনি আরও প্রশ্ন করেন, যেখানে ৫৫০টি অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে, সেখানে রাজ্য মাত্র দুটি খুঁজে পেয়েছে কীভাবে। রাজ্য সরকারের আইনজীবীরা যখন জানান, “কিছু দোকান পাওয়া গিয়েছে”, তখন বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা একচালার দোকান ভেঙে বলছেন অবৈধ নির্মাণ ভেঙেছেন?”
আদালত এই বিষয়ে রাজ্যকে কঠোর বার্তা দিয়ে জানায়, “আদালত আর কলকাতার মানুষ ওয়েটল্যান্ড ফেরত চান। বার বার এটা হতে পারে না। আদালত আপনাদের সময় দেবে আর আপনারা কাজের অগ্রগতি দেখাতে পারবেন না এটা হবে না। তাহলে আদালত শক্ত হতে বাধ্য হবে।” ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির চিফ টেকনিক্যাল অফিসারের দেওয়া রিপোর্টে আদালত অসন্তুষ্ট। বেআইনি নির্মাণ চিহ্নিত করার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় আদালত ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।