সাধু সেজে মঙ্গলসূত্র ছিনতাই, আসানসোল থেকে গ্রেফতার ৪

মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে সাধু সেজে এক মহিলার মঙ্গলসূত্র ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের মধ্যে দু’জন উত্তরাখণ্ড এবং দু’জন হরিয়ানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি সোমবার তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে সাধু সেজে থাকা চার ব্যক্তি তাঁদের কাছে আশীর্বাদ দেওয়ার নাম করে দাঁড়ান। এই সুযোগে তারা কৃষ্ণের স্ত্রীর গলা থেকে মঙ্গলসূত্র ছিনতাই করে একটি গাড়িতে করে কলকাতার দিকে পালিয়ে যায়।
কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে জানতে পারা যায় যে ওই গাড়িটি আবার ঝাড়খণ্ডের দিকে আসছে। এরপর মেলাকলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে গাড়িটি আটক করা হয় এবং চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।