একই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে নয়, নিদান একাধিক পঞ্চায়েতের, জেনেনিন কোন রাজ্যে?

পাঞ্জাবের একাধিক গ্রাম পঞ্চায়েত এক নতুন ফরমান জারি করেছে, যেখানে একই গ্রামের বাসিন্দা ছেলে-মেয়েদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। পঞ্চায়েতগুলোর দাবি, এই ধরনের বিবাহ পারিবারিক ও সামাজিক কলহ বাড়াচ্ছে, যার ফলে গ্রামের সম্প্রীতি নষ্ট হচ্ছে। পিটিআই সূত্রে এই খবর জানা গেছে।
ফরিদকোট জেলার সিরসারি এবং আনোখপুরা, মোহালি জেলার মানকপুর শরিফ এবং মোগা জেলার ঘাল কালান পঞ্চায়েত সম্প্রতি এই মর্মে প্রস্তাব পাস করেছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট দম্পতি ও তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
ঘাল কালান এলাকার একটি সাম্প্রতিক ঘটনা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। সেখানে গ্রামের এক যুবক গ্রামেরই একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান এবং তাকে বিয়ে করেন। এর প্রতিবাদে গত মাসে ওই যুবকের মা-কে নিগ্রহ করার অভিযোগ ওঠে এবং পরে তাদের গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনা পাঞ্জাবের মহিলা কমিশন পর্যন্ত গড়িয়েছে।
মানকপুর শরিফ পঞ্চায়েতও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে যে, একই গ্রামের বাসিন্দাদের মধ্যে পরিবারের অমতে বিয়ে হলে তাদের শুধু সামাজিকভাবে বয়কটই করা হবে না, বরং নিকটবর্তী গ্রামেও তাদের থাকতে দেওয়া হবে না। যদি কেউ সেই পরিবারকে সাহায্য করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনেক গ্রাম পঞ্চায়েত প্রধান এই সিদ্ধান্তকে গ্রামের সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বসম্মত পদক্ষেপ বলে দাবি করেছেন। তারা পাঞ্জাব সরকারের কাছে এই বিষয়ে আইন প্রণয়নের এবং বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছেন। যদিও অনেক পরিবার এই ফরমানের তীব্র বিরোধিতা করেছে।