বিরিয়ানিতে ছিল লাগাম, ফিট হতে কী কী খাওয়া বাদ দিয়েছিলেন সিরাজ? ফাঁস ডায়েট সিক্রেট

ভারতীয় পেসার মহম্মদ সিরাজের দুর্দান্ত ফিটনেসের রহস্য কী? এই প্রশ্নের উত্তর দিলেন তার ভাই ইসমাইল। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কঠোর পরিশ্রমের পাশাপাশি ফাস্ট ফুড সম্পূর্ণভাবে ত্যাগ করাই সিরাজের ফিটনেসের ১০০% সাফল্যের মূল কারণ।
ইসমাইল বলেন, সিরাজ একসময় বিরিয়ানি, পিজ্জা এবং বার্গারের মতো জাঙ্কফুড খেতে খুব ভালোবাসতেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে, ফিটনেস ধরে রাখতে এই ধরনের খাবার খাওয়া চলবে না। তাই নিজের প্রিয় খাবারগুলি সম্পূর্ণ বর্জন করেন তিনি। এরপর দিনের পর দিন কঠোর অনুশীলন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে এক নতুন পর্যায়ে নিয়ে যান।
সিরাজের এই হার না মানা মানসিকতার সঙ্গে তার ভাই ছোটবেলা থেকেই পরিচিত। ইসমাইল জানান, হায়দরাবাদের গলিতে টেনিস বলে ক্রিকেট খেলার সময় থেকেই সিরাজ খুবই সিরিয়াস ছিলেন এবং জেতার চেষ্টা কোনোদিন ছাড়তেন না। পেশাদার ক্রিকেট খেলার সময় এই মনোভাবই তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছে।
সিরাজের অনুপ্রেরণা কে? এই প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সিরাজ ভীষণ পছন্দ করেন। তার আগ্রাসী খেলা এবং ফিটনেস থেকে সিরাজ অনুপ্রাণিত হন। এছাড়া বিরাট কোহলিও তাকে সবসময় উৎসাহ জোগান। ইসমাইলের মতে, বিরাট কোহলি সিরাজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। বিশেষ করে ২০১৮ সালে আইপিএলে যখন সিরাজ ভালো ফর্মে ছিলেন না, তখন কোহলি তাকে মানসিকভাবে অনেক সাহস দিয়েছিলেন।
সাম্প্রতিক ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সিরাজ অসাধারণ পারফর্ম করেছেন। ওভাল টেস্টে তিনি ৯ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।