বিকেলেই ঘনাচ্ছে সন্ধ্যার আঁধার, আগামী ১ -২ ঘণ্টায় তেড়ে আসবে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি!

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গ: আগামী ১-২ ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ: অসম এবং বাংলাদেশের ওপর জোড়া ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা বিহারের পর কোচবিহারের উপর দিয়ে বিস্তৃত হওয়ায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে আজ, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নদীর জলস্তর বাড়ার এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ মূলত মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।