“প্রাণনাশের চেষ্টা…আমরা জানতাম উদয়ন গুহ…”! কোচবিহারকাণ্ডে বিস্ফোরক অভিযোগ নিশীথের

কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, ওই কনভয়ের একটি গাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও ছিলেন এবং তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এই হামলার জন্য বিজেপি সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলেছে।

নিশীথ প্রামাণিকের অভিযোগ

এবিপি আনন্দ-এর কাছে মুখ খুলে নিশীথ প্রামাণিক এই হামলাকে ‘প্রাণনাশের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমরা জানতাম উদয়ন গুহর এই ধরনের পরিকল্পনা রয়েছে। তিনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে ছিলেন। সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপর এমনভাবে আঘাত করা হয় যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। এই আক্রমণের তীব্রতা দেখে বোঝা যাচ্ছে, এটা শুধু প্রতিবাদের ভাষা ছিল না, এটা ছিল প্রাণনাশের চেষ্টা।”

নিশীথ আরও জানান, তাঁর দেহরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা পরিস্থিতি সামলাতে কোনো পদক্ষেপ না নেয়। তিনি বলেন, “আমরা বারবার আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছিলাম, ওরা যা করে করুক, আপনারা গাড়ি থেকে নামবেন না। তাই হয়েছে।” তিনি দাবি করেন, তাঁর গাড়ির ভিতর থেকে হামলার ভিডিও রয়েছে।

উদয়ন গুহর পাল্টা জবাব

অন্যদিকে, তৃণমূল নেতা উদয়ন গুহ এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলাভাষীদের আক্রমণ করবে, তাদের কোনো নিস্তার নেই। তাঁদেরকে কালো পতাকা দেখানো হবে। তাঁরা যেখানেই যাবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে।” উদয়ন গুহ আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে, তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো স্বাভাবিক।

এই ঘটনার পর থেকে কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে।