গিনেস বুকে নাম তুলল মোদির ‘পরীক্ষা পে চর্চা’, খবরে উচ্ছসিত কেন্দ্রীয় মন্ত্রীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলে এক নতুন পালক যোগ করেছে। চলতি বছরে এই কর্মসূচির জন্য রেকর্ড সংখ্যক ৩.৫ কোটিরও বেশি নাম নথিভুক্ত হওয়ায় এই বিরল সম্মান অর্জন করেছে। সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে দিল্লিতে এই স্বীকৃতি ঘোষণা করা হয়।
২০১৮ সালে শুরু হওয়া এই কর্মসূচিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে তিনি পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য সরাসরি তাদের, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মাত্র এক মাসের মধ্যেই এই বিপুল সংখ্যক নাম নথিভুক্ত হয়েছে।
এই স্বীকৃতির খবর প্রকাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে, ৩ কোটি ৫৩ লক্ষ নাম নথিভুক্ত হওয়ার পাশাপাশি ২১ কোটিরও বেশি মানুষ টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখেছেন।
Congratulations to PM Shri @narendramodi Ji, students, teachers and schools on 'Pariksha Pe Charcha 2025' making it to the Guinness Book of World Records for clocking the highest number of participant registrations in a month.
This is a record-breaking feat which elevates the… pic.twitter.com/n1wCb4e1Ny
— Amit Shah (@AmitShah) August 4, 2025
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটি একটি রেকর্ড-ব্রেকিং কৃতিত্ব যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে ভূমিকা রেখেছে। এই ধরনের একটি কর্মসূচি মানব সম্পদকে আরও উন্নত করার পথকে ত্বরান্বিত করে। এটি ভারতের জন্য সত্যিই গর্বের একটি দুর্দান্ত মুহূর্ত।” কেন্দ্রীয় মন্ত্রীদের আশা, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ‘পরীক্ষা পে চর্চা’-য় অংশ নেবে।