‘হাত থাকতে মুখে কেন’- রণক্ষেত্র ক্যানিং লোকাল, যাত্রীদের সংঘর্ষে আহত ২২, তদন্তে রেল পুলিশ

রাতের ডাউন ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেনটি সোমবার গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হলো। পিয়ালি স্টেশন ছাড়ার পরই দুটি পৃথক যাত্রী দলের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় অন্তত ২০ থেকে ২২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তারকেশ্বর থেকে তীর্থ সেরে একদল পুণ্যার্থী ক্যানিংয়ের উদ্দেশ্যে ফিরছিলেন। তারা একই কামরায় ওঠেন এবং তাদের সঙ্গে পুজোর সামগ্রী ও বাঁক ছিল। এই জিনিসপত্র নিয়ে অন্য যাত্রীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পিয়ালি স্টেশন পার হওয়ার পর সেই বচসা চরমে পৌঁছায়। অভিযোগ উঠেছে, তালদির একদল যাত্রী পুজোর সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও মারামারি।
সংঘর্ষ চলাকালীন কিছু যাত্রীকে তালদি স্টেশনে নামিয়েও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যানিং এলাকার প্রায় ২০ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় যাত্রীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ধরনের ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।