“দাদা, আর রাখি পরাতে পারব না”-স্বামীকে দায়ি করে সুইসাইড নোট বোনের, আত্মঘাতী শিক্ষিকা

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় শ্রীবিদ্যা নামে ২৪ বছর বয়সী এক বেসরকারি কলেজের শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের জীবন শেষ করার আগে শ্রীবিদ্যা একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন, যেখানে তিনি তার স্বামী রামবাবু এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী এবং শ্রীবিদ্যার পরিবার শোকস্তব্ধ।

জানা গেছে, শ্রীবিদ্যা স্থানীয় একটি বেসরকারি কলেজে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। ছয় বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর মাত্র ছয় মাস আগে গ্রামের সার্ভেয়ার রামবাবুর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই তার ওপর নেমে আসে চরম নির্যাতন।

সুইসাইড নোটে শ্রীবিদ্যা লিখেছেন, তার স্বামী রামবাবু প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, তাকে একটি অপরিচিত মহিলার সামনে ‘অযোগ্য’ বলে অপমান করা হয়েছে, তার মাথা বিছানায় ঠেলে মারা হয়েছে এবং পিঠে ঘুষিও খেতে হয়েছে। চিঠিতে তিনি শ্বশুরবাড়ির সদস্যদের চরম মানসিক চাপ ও অপমানের কথাও জানিয়েছেন।

শ্রীবিদ্যার চিঠিতে তার ভাইয়ের উদ্দেশে লেখা একটি হৃদয়বিদারক বার্তা ছিল: “দাদা, সাবধান থেকো, এবার হয়তো আমি তোমাকে রাখি বাঁধতে পারব না।” এই একটি বাক্যেই তার অসহায়তা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা স্পষ্ট ফুটে উঠেছে।

শ্রীবিদ্যা চিঠিতে স্পষ্টভাবে তার মৃত্যুর জন্য স্বামী ও তার পরিবারকে দায়ী করে বলেছেন যে, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া উচিত নয়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শ্রীবিদ্যার পরিবার এবং এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।