দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং! পাত্রী কে জানেন? জেনেনিন পরিচয়

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তিনটি বিয়ের পর তাঁর বিচ্ছেদ, আর সেই বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই তাঁর প্রাক্তন স্বামী রোশন সিংয়ের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হল। বৃহস্পতিবার, ৩১শে জুলাই কলকাতার এক বাঙালি মেয়ে অনামিকা মিত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন রোশন। এই খবর প্রকাশ্যে আসতেই আবারও আলোচনায় উঠে এসেছেন শ্রাবন্তী এবং তাঁর প্রাক্তন স্বামী রোশন।

প্রসঙ্গত, ২০০৩ সালে রাজীব কুমারকে বিয়ে করে অল্প বয়সেই সংসার শুরু করেছিলেন শ্রাবন্তী। সেই সংসার ২০১৬ সালে ভেঙে যাওয়ার পর ওই একই বছরে তিনি কৃষাণ ব্রিজকে বিয়ে করেন, যা এক বছরের মাথাতেই ভেঙে যায়। এরপর ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বার গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী, কিন্তু সেই সম্পর্কও টেকেনি। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে রোশন ও শ্রাবন্তীর পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ হয়। অভিনেত্রী নিজেকে সিঙ্গল দাবি করলেও, বিচ্ছেদের কয়েক মাস যেতে না যেতেই রোশন তাঁর নতুন জীবন শুরু করলেন।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে রোশন সিং এক বাঙালি মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। গত মঙ্গলবার তিনি নিজেই বিয়ের কার্ড প্রকাশ্যে এনেছিলেন। কার্ডের ওপর রোশন এবং তাঁর স্ত্রীর ছবি দেখা যায়, যেখানে তাঁদের দুজনকে পিছন ফিরে হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল। কার্ডে লেখা ছিল “রোশন উইডস অনামিকা”, এবং বিয়ের তারিখ ছিল ৩১শে জুলাই, বৃহস্পতিবার। কার্ড দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জুলাই মাসের শেষ দিনে রোশন তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, রোশনের দ্বিতীয় স্ত্রীর নাম অনামিকা মিত্র। তিনি কলকাতারই মেয়ে। উচ্চশিক্ষিত অনামিকা দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন এবং সিম্বোসিস ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিও রয়েছে তাঁর।

রোশন সিং অনামিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা কখনোই গোপন করেননি। শ্রাবন্তীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই তিনি অনামিকাকে নিয়ে তাঁর নতুন জীবন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে, অনামিকাও নিজের ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে লিখে রেখেছিলেন। এই নবদম্পতির নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।