“আমি মেটাকে অনুমতি দিচ্ছি না…”-Facebook-এ VIRAL পোস্ট কেন? জানুন সত্যিটা কী?

“আমি মেটাকে AI ট্রেনিংয়ে আমার ছবি-পোস্ট ব্যবহারের অনুমতি দিচ্ছি না” – ইদানিং ফেসবুক ফিডে এই ধরনের পোস্টের ছড়াছড়ি দেখা যাচ্ছে। কিন্তু এই ধরনের পোস্ট আদৌ কি কোনো কাজে আসে? হুজুগে গা না ভাসিয়ে, আজ আমরা এই বিষয়টি বিশদে জেনে নেব এবং কেনই বা মেটার AI মডেল প্রশিক্ষণে ডেটা ব্যবহারের প্রশ্ন উঠেছে, তার নেপথ্য কারণও খুঁজে দেখব।
বিষয়টির সূত্রপাত গত ১৪ এপ্রিল ২০২৫-এ মেটার একটি ব্লগ পোস্টের মাধ্যমে। মেটা ঘোষণা করে যে, এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য মেটা প্ল্যাটফর্মে শেয়ার করা পাবলিক পোস্ট ও কমেন্ট এআই (AI) মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। শুধু তাই নয়, মেটা এআই-কে করা প্রশ্ন এবং চ্যাটবক্সে এআই-এর সঙ্গে হওয়া কথোপকথনগুলিও এআই মডেলের উন্নয়নে ব্যবহৃত হবে। এর মূল লক্ষ্য হলো ইউরোপের মানুষের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে এআই-এর ডেটাবেসে তথ্য সঞ্চয় করে মডেলকে আরও উন্নত করা।
মে মাসে, মেটা ইউরোপের বিভিন্ন ব্যবহারকারীদের কাছে ইন-অ্যাপ নোটিফিকেশন এবং ইমেলের মাধ্যমে ডেটা ব্যবহারের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে তথ্য পাঠাতে শুরু করে। তবে, এই ইমেলগুলিতেই ব্যবহারকারীদের নিজেদের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহার না করার জন্য একটি ‘অবজেকশন ফর্ম’ জমা দেওয়ার বিকল্পও দেওয়া হয়।
মেটা স্পষ্ট জানিয়েছে যে, বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত মেসেজ (যেমন মেসেঞ্জার চ্যাট) আগের মতোই সুরক্ষিত থাকবে এবং সেগুলি কোনোভাবেই এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। পাশাপাশি, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের পাবলিক ডেটাও প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে না।
ইউরোপের কঠোর আইন এবং মেটার অবস্থান:
সমালোচকরা বলছেন, ২০২৪ সালে মেটার এই কার্যকলাপ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। সেই সময় ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলি আইনি নির্দেশ না দেওয়া পর্যন্ত মেটা তাদের এআই প্রশিক্ষণ বন্ধ রেখেছিল। কিন্তু পরে European Data Protection Board (EDPB)-এর অনুমোদনের পর সংস্থাটি ফের এআই প্রশিক্ষণ শুরু করে।
মেটার দাবি, গুগল এবং ওপেনএআই (OpenAI)-এর মতো সংস্থাগুলোও ইতিমধ্যেই ইউরোপের মানুষের ডেটা ব্যবহার করে এআই প্রশিক্ষণ চালাচ্ছে। সেক্ষেত্রে তারা অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে, সবকিছু জানিয়ে এবং অনুমতি নিয়েই এই প্রক্রিয়া চালাচ্ছে বলে দাবি করেছে মেটা।
‘আমি ডেটা ব্যবহারের অনুমতি দিচ্ছি না’ পোস্টের কার্যকারিতা:
বিশেষজ্ঞদের মতে, “আমি ডেটা ব্যবহারের অনুমতি দিচ্ছি না” লিখে ফেসবুক পোস্ট করার মাধ্যমে আসলে কোনো লাভ হবে না। আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে যদি সত্যিই আপনি চিন্তিত হন, তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন:
ডেটা ডিলিট করুন: ফেসবুক বা ইনস্টাগ্রামে যেসব ছবি, ভিডিও বা পোস্ট আপনি এআই প্রশিক্ষণে ব্যবহার করতে দিতে চান না, সেগুলি ডিলিট করে দিন।
প্রোফাইল প্রাইভেট করুন: আপনার সব পোস্ট ও ছবি পাবলিক থেকে প্রাইভেট করে দিন, যাতে সেগুলি সর্বজনীনভাবে উপলব্ধ না থাকে।
পরিবার-বন্ধুদের আপনার ছবি সরাতে বলুন: যদি আপনার ছবি কেউ পাবলিকলি পোস্ট করে থাকে, তাহলে সেটাও এআই প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। এটি না চাইলে আপনার পরিবার বা বন্ধুদের অনুরোধ করতে পারেন যেন তারা সেই ছবিগুলি ডিলিট করে দেয়।
থার্ড পার্টি অ্যাপস থেকে লগআউট করুন: অনেকে ফেসবুক দিয়ে বিভিন্ন অ্যাপ, গেমের মতো থার্ড পার্টি প্ল্যাটফর্মে লগ ইন করে রাখেন। এই ধরনের অপ্রয়োজনীয় থার্ড পার্টি অ্যাপসগুলি ডিলিট করে দিন।
সুতরাং, শুধুমাত্র একটি পোস্ট করে বসে না থেকে, যারা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে চান, তাদের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাই একমাত্র কার্যকর উপায়।