‘সিরিয়ালে শুধুই বিষ দেওয়া আর ঝগড়া কেন?’, মেগা সিরিয়াল নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মমতা

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিনোদন ও সঙ্গীত জগতের শিল্পীদের ‘মহানায়ক পুরস্কার’ দিয়ে সম্মানিত করা হল। ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০১৩ সাল থেকে শুরু হওয়া এই ধারা আজও অক্ষুণ্ণ। তবে, এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মেগা সিরিয়ালগুলির বিষয়বস্তু নিয়ে খানিকটা বিরক্তি প্রকাশ করলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সিরিয়াল প্রসঙ্গে বলেন, “এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রয়েল ক্যারেক্টার, তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।”

এরপর তিনি চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, “এতে কিন্তু লীনাদিদের হাতে নেই, এটা যাঁরা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি কেন? বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত অভিনব জিনিস আছে। তা না করে, কী করবেন? ও ওকে গুলি চালাচ্ছে। ও ওকে ছুরি মারছে। এগুলো আমি যেই দেখি, বন্ধ করে দিই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মেগা সিরিয়ালের নির্মাতাদের প্রতি একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।

২০২৫ সালের এই সম্মানে যাঁরা ভূষিত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, পরিচালক হিসেবে গৌতম ঘোষ। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী এবং গায়ক রূপঙ্কর বাগচী। মেকআপ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন সোমনাথ কুন্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। অভিনয় দুনিয়া থেকে মহানায়ক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, অদিতি মুন্সি -সহ আরও অনেক তারকা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর টেলিভিশন সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে।

Saheli Saha
  • Saheli Saha