দিঘায় উঠল টন টন ইলিশ, জেনেনিন বাজারে কত দামে বিকোচ্ছে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রুপোলি শস্যের ঢল নেমেছে দিঘার সমুদ্রে। বুধবার এক দিনে প্রায় ২৮ টন ইলিশ ধরা পড়ায় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। বাজারে হিমঘরের ইলিশের একচেটিয়া আধিপত্যের এই সময়ে, দিঘার এই টাটকা ইলিশের আগমন বাংলার ভোজনরসিকদের জন্য নিঃসন্দেহে এক বড় খবর। শীঘ্রই এই তাজা ইলিশ প্রবেশ করবে কলকাতার বাজারে, যা দাম কমারও ইঙ্গিত দিচ্ছে।
গত কয়েক বছরে দিঘার সমুদ্র থেকে ইলিশের জোগান ছিল খুবই কম। মরশুমের প্রথম দিকে নিষেধাজ্ঞা ওঠার পর কিছু ইলিশ উঠলেও, তার পরিমাণ ছিল অপ্রতুল। ফলে চাহিদা তুঙ্গে থাকলেও যোগান কম থাকায় বাজারে ইলিশের দাম ছিল আকাশছোঁয়া। শহরের খুচরো বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল ৮০০-৯০০ টাকায়, আর বড় ইলিশের দাম ছুঁয়েছিল ১৫০০-২০০০ টাকা। তাই এবারের এই বিপুল পরিমাণ ইলিশের আগমন ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই আশার আলো দেখাচ্ছে।
বুধবার দিঘা মোহনার পাইকারি বাজারে ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ১,০০০ টাকা দরে। আকারভেদে ইলিশের দাম ছিল ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। মৎস্যজীবীরা আশা প্রকাশ করেছেন যে, যেহেতু জোগান বেড়েছে, তাই দামও অনেকটা কমবে। অমাবস্যার সময় কোটালের জল বাড়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মোহনার দিকে এসেছে, যা এই বিপুল পরিমাণ ইলিশ ধরার অন্যতম কারণ।
সবকিছু ঠিক থাকলে, আগামী সপ্তাহের মধ্যেই কলকাতার বাজারে এই তাজা ইলিশ পাওয়া যাবে। সম্ভবত রবিবার, বাংলার মধ্যবিত্তের পাতে ইলিশের স্বাদে ভরিয়ে দিতে পারে এই রুপোলি শস্য।