কড়া পদক্ষেপ ভারতীয় ডাক বিভাগের, এই আপডেট না করলে ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট!

গ্রাহকদের সঞ্চয়কে প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখতে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটলো ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্টের নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত পোস্ট অফিস সঞ্চয় অ্যাকাউন্ট মেয়াদপূর্তি হওয়ার পরও বন্ধ করা হয়নি অথবা পুনর্নবীকরণ (renew) করা হয়নি, সেগুলিকে এবার ‘ফ্রিজ’ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জালিয়াতির ঝুঁকি কমাতেই এই ঐতিহাসিক পদক্ষেপ, যা গত ১৫ই জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা সাধারণ মানুষের অর্থ প্রায়শই নিষ্ক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকদের সহজ লক্ষ্যে পরিণত হয়। এই প্রবণতা রুখতেই ভারতীয় ডাক বিভাগ একটি নয়া কৌশল গ্রহণ করেছে: যদি কোনো সঞ্চয় অ্যাকাউন্ট তিন বছর ধরে ব্যবহার না হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ হয়ে যাবে। এই প্রক্রিয়া বছরে দু’বার করে চালানো হবে এবং কোনো অ্যাকাউন্ট চিহ্নিত হওয়ার ১৫ দিনের মধ্যেই সেটি ফ্রিজ হয়ে যাবে।

কোন কোন সঞ্চয় প্রকল্প এই নিয়মের আওতায়?

ভারতীয় ডাকের এই নতুন নীতির আওতায় পড়ছে বেশ কয়েকটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এর মধ্যে রয়েছে:

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)

ন্যাশনাল সেভিংস স্কিম (NSS)

কিসান বিকাশ পত্র (KVP)

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)

টাইম ডিপোজিট (TD)

ফিক্সড ডিপোজিট (FD)

রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট

অর্থাৎ, পোস্ট অফিসের মাধ্যমে যে সমস্ত দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী সঞ্চয় প্রকল্প পরিচালিত হয়, তার অধিকাংশই এই নিয়মের অন্তর্ভুক্ত।

অ্যাকাউন্ট ফ্রিজ হলে কী করবেন গ্রাহক?

একবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে সেই অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করা যাবে না। সেক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করতে হবে। এর জন্য, গ্রাহককে তার ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টের প্রয়োজনীয় নথি এবং আধার কার্ড, প্যান কার্ডের মতো পরিচয়পত্র নিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে একটি আবেদন জমা দিতে হবে। পোস্ট অফিস কর্তৃপক্ষ সমস্ত তথ্য যাচাই করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করে দেবে।

তবে, যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্ট সাব-পোস্ট অফিসে খোলা হয়ে থাকে, তবে তার সমস্ত ডকুমেন্ট হেড পোস্ট অফিসে পাঠানো হবে পুরো প্রক্রিয়া শেষ করার জন্য। এই প্রক্রিয়াটি গ্রাহকদের জন্য কিছুটা সময়সাপেক্ষ হতে পারে, তবে তাদের নিজস্ব সুরক্ষার জন্যই এটি অপরিহার্য।

ভারতীয় ডাকের এই পদক্ষেপ একদিকে যেমন গ্রাহকদের সঞ্চয়ের সুরক্ষা নিশ্চিত করবে, তেমনই অন্যদিকে জালিয়াতদের কার্যকলাপের বিরুদ্ধে এক বড়সড় প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের প্রতি আবেদন, তাদের পোস্ট অফিস অ্যাকাউন্টগুলির সক্রিয়তা বজায় রাখতে এবং মেয়াদপূর্তির পর সময়মতো পুনর্নবীকরণ বা বন্ধ করার ব্যবস্থা নিতে।