‘মোদিজি আপনি আসুন, দুর্গাপুরের উন্নতি দরকার’, স্টেডিয়ামের বাইরে হাত-পা ছড়িয়ে কান্না তরুণীর! হতবাক সকলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরের আগে নেহেরু স্টেডিয়ামের বাইরে এক তরুণীর কাণ্ডকারখানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ছন্দা প্রামাণিক নামে ওই তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি নিয়ে সভাস্থলের বাইরে হাত-পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরানোর চেষ্টা করলেও তিনি নিজের দাবিতে অনড় থাকেন এবং দুর্গাপুরের উন্নয়ন নিয়ে মোদীর সঙ্গে কথা বলার সুযোগ চান।

আজ দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অবতরণের কথা। সরকারি প্রকল্পের উদ্বোধনের পর তিনি নেহেরু স্টেডিয়ামে একটি জনসভায় ভাষণ দেবেন। স্বভাবতই সভাস্থল এবং তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। এর মধ্যেই, আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই স্টেডিয়ামের বাইরে হঠাৎই ছন্দা প্রামাণিক নামের ওই তরুণী এসে রাস্তার উপর বসে পড়েন এবং হাত-পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করেন। এই অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সকলে হতবাক হয়ে যান। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরানোর জন্য ছুটে গেলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

তরুণীর মূল দাবি, দুর্গাপুরে কোনো উন্নয়ন হয়নি। তিনি একটি উন্নত দুর্গাপুর দেখতে চান এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, “মোদিজিকে ডেকেছি। বলেছি আসুন, দুর্গাপুর-সহ বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলায় কারখানা বন্ধ। আমার ভাই-বোনেরা কাঁদছে। আপনি আসুন।” এছাড়াও, ওই তরুণী দাবি করেন যে প্রধানমন্ত্রী নাকি তাঁকে চেনেন এবং তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পকেও চিঠি লিখেছেন! তার এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় এবং উপস্থিত সকলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।