স্কুলের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ফের স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বাগদায় এক ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে বাগদা থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ইতিমধ্যেই ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে বাগদা থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক স্কুল থেকে ছাত্রীদের নির্যাতনের ঘটনা সামনে এসেছে।

স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার এই বিষয়ে বলেন, “অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন ছাত্রী লিখিতভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তিনি ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমরা অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে লিখিতভাবে উত্তর পেয়েছি। কিছু অভিযোগ সত্য, কিছু অভিযোগ অসত্য বলে তিনি জানিয়েছেন।”

মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে বলেন, “স্কুলে এই ধরনের অভিযোগ ওঠা বাঞ্ছনীয় নয়। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং যদি শিক্ষক দোষী হন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদি তদন্তে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।” এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি উঠেছে।