পার্থর জামিন মামলার শুনানি স্থগিত! বিচারপতি বাগচীর সরে দাঁড়ানোয় জটিলতা

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি আপাতত স্থগিত রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে, বিচারপতি জয়মাল্য বাগচী ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন। এর ফলে প্রধান বিচারপতি এই মামলা শোনার জন্য একটি নতুন বেঞ্চ গঠন করবেন এবং সেই নতুন বেঞ্চেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় জামিন পেলেও, তিনি এখনও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর মামলায় জামিন পাননি। সেই মামলায় জামিনের আর্জি নিয়েই পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ মামলাটি থেকে সরে দাঁড়ানোয় শুনানি অনিশ্চিত হয়ে পড়ল।
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলার শুনানি করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেই সময় তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, জেলবন্দি পার্থর ক্ষমতা তিনি এজলাসে বসেই টের পাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২শে জুলাই, ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে পরদিন সকালে তাঁকে গ্রেপ্তার করে। এরপর ২০২৪ সালের ১লা অক্টোবর, সিবিআই তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ করে। ইডি মামলায় চলতি বছরের জানুয়ারিতে তিনি জামিন পেলেও, সিবিআই মামলায় জামিন না মেলায় তিনি এখনও কারাবন্দি। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে মতভেদ তৈরি হয়, যার ফলে একটি তৃতীয় বেঞ্চ গঠিত হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ তাঁর জামিন আবেদন খারিজ করে দেন। এরপরই পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানান। তবে নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত মামলার ভবিষ্যৎ শুনানি অনিশ্চিত।