চোখের নিচে কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার নামী অভিনেত্রীর এ কি অবস্থা!

হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো সাধারণ ভিখারিনী। কিন্তু কথা বলতে গেলেই ভুল ভাঙে! সাবলীল ইংরেজিতে অনর্গল কথা বলছেন তিনি। স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা তাঁকে দেখতে ভিড় জমান। তবে পরিচয় জানতে গিয়ে সকলেই হতভম্ব। স্টার জলসার এক নামী ধারাবাহিকের পরিচিত মুখ আজ এ কেমন অবস্থায়!
সোমবার সকালে বর্ধমান-আরামবাগ রোডের ধারে একটি বাসস্ট্যান্ডে এক মহিলাকে এলোমেলো হেঁটে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় হঠাৎ এই অপরিচিত মহিলাকে দেখে স্বাভাবিকভাবেই তাঁদের মনে প্রশ্ন জাগে। হঠাৎ বৃষ্টি আসায় মহিলাটি আমিলা বাসস্ট্যান্ডে আশ্রয় নেন। প্রাথমিক কথাবার্তাতেই বোঝা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন।
পরিচয় বিভ্রাট ও হতভম্ব স্থানীয়রা:
জরাজীর্ণ পোশাক, আলুথালু বেশে ওই মহিলাকে দেখে প্রথমে অনেকেই তাঁকে ভিক্ষুক বলে মনে করেন। কিন্তু যখন তিনি অনর্গল ইংরেজিতে কথা বলা শুরু করেন, তখনই সকলের ভুল ভাঙে। পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর নাম সৌমি ধর চৌধুরী। বাংলা ধারাবাহিকে অভিনয় করেন তিনি। প্রথমে স্থানীয়দের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না হলেও, হাতের মুঠোফোনে গুগল সার্চ করতেই দেখা যায়, ওই মহিলা যা বলছেন তা একেবারে সত্যি।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এর ‘রাঙা কাম্মা’ চরিত্রের সঙ্গে এই মহিলার হুবহু মিল। কিন্তু কথাবার্তায় অসংলগ্নতা থাকার কারণে স্থানীয়রা ধন্দে পড়ে যান। বাড়ির ঠিকানা জানতে চাইলে একবার তিনি বলেন তিনি বেহালার বাসিন্দা, আবার কখনও বলেন তিনি বোলপুর থেকে আসছেন।
দীর্ঘদিন ধরে নিঁখোজ, রহস্য ঘেরা জীবন:
অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরেই নাকি তিনি বাড়ির বাইরে রয়েছেন। অভিনেত্রীর কাছে থাকা একটি নম্বরে ফোন করে জানা যায়, এক ড্রাইভার তাঁকে শেষ বোলপুরে ছেড়ে দিয়ে এসেছিলেন। কিন্তু কেন হঠাৎ তিনি বোলপুরে গেলেন? বাড়িতে কে কে রয়েছেন? কীভাবেই বা তাঁর এমন দশা হলো? – এইসব বিষয়ে তিনি কিছুই বলতে চাননি।
অভিনেত্রীর এই মর্মান্তিক অবস্থা দেখে তড়িঘড়ি স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি মঞ্চেও তাঁর অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। এত সুপরিচিত একজন অভিনেত্রীর এমন করুণ দশা দেখে খুব স্বাভাবিকভাবেই টেলিভিশন ইন্ডাস্ট্রির কলাকুশলীদের প্রতি ইন্ডাস্ট্রির দায়বদ্ধতা এবং তাঁদের নিরাপত্তার অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই ঘটনা শিল্পী মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে।