“ওড়ানো হবে বম্বে স্টক এক্সচেঞ্জ…”-দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, শুরু হলো তল্লাশি

মঙ্গলবার সাতসকালে বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) বোমা হামলার হুমকির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে BSE বিল্ডিংয়ের ভিতরে RDX বোমা রাখা আছে। একই দিনে দিল্লির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের হুমকির খবর মিলেছে, যা আতঙ্ক আরও বাড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামে একটি আইডি থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল আইডিতে এই হুমকি মেলটি পাঠানো হয়েছে। ই-মেলে দাবি করা হয় যে, BSE বিল্ডিংয়ে চারটি RDX বোমা রাখা রয়েছে, যা দুপুর ৩টেয় বিস্ফোরিত হবে। খবর জানাজানি হতেই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বইয়ের রমাবাই আম্বেদকর মার্গ থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে ব্যাপক তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও নিরাপত্তা বাড়ানো হয়েছে BSE-র ওই বিল্ডিংয়ে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানেও একই আতঙ্ক
শুধু BSE নয়, মঙ্গলবার দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ-সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বোমা হামলার হুমকির খবর মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড এবং দমকল। কিন্তু তল্লাশি চালিয়ে সেখানেও বিশেষ কিছু পাওয়া যায়নি।
সূত্রের খবর, এই হুমকিগুলিও ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামে একই আইডি থেকে এসেছে, যা এই ঘটনার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এই খবর জানাজানি হতেই রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অমৃতসরের স্বর্ণ মন্দিরেও একই ধরনের হুমকি
উল্লেখ্য, গত সোমবার অমৃতসরের স্বর্ণ মন্দিরেও একই ধরনের বোমা হামলার হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেই মেলটিও অজ্ঞাতপরিচয় একটি আইডি থেকেই এসেছিল বলে পুলিশ জানিয়েছে। ওই ই-মেলে বলা হয়েছিল, মন্দিরের লঙ্গরখানার হলঘরে RDX বিস্ফোরণ ঘটিয়ে ওড়ানো হবে। সেই ঘটনার পর থেকেই স্বর্ণ মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
বারবার একই ধরনের আইডি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন এই হুমকিগুলির উৎস খুঁজে বের করতে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।