21জুলাই নিয়ে বিস্ফোরক দিলীপ! নিশানায় এবার TMC থেকে BJP-তে আসা নেতারা..

আসন্ন একুশে জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের দলেরই একাংশ নেতাকে কড়া ভাষায় খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের সরাসরি নিশানা করে তিনি বুঝিয়ে দিলেন, দলের অন্দরেও ‘একুশে জুলাই’ ঘিরে ভিন্ন সুর বাজছে।

মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়।” এরপরই তাঁর সোজাসাপটা মন্তব্য, “কিন্তু আমি দেখলাম, এবার আমাদের পার্টির লোকেদেরও খুবই উৎসাহ ছিল। উৎসাহ তাঁদের মধ্যে ছিল, যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন। আমাদের বিজেপির লোকেদের কোনও সমস্যা নেই এই নিয়ে।” দিলীপ ঘোষের এই ‘ডিম ভাত’ মন্তব্য নিঃসন্দেহে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি এক প্রচ্ছন্ন কটাক্ষ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিলীপ ঘোষের মুখেই শোনা গিয়েছিল, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয় যে, তিনি কি তবে নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন? প্রশ্ন উঠতে শুরু করে, দিলীপ ঘোষ কি তবে সত্যিই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভিন্ন পথে হাঁটছেন? কিন্তু এরপরই পরিস্থিতি বদলায়। বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। আর তারপরই সামাজিক মাধ্যমে পোস্ট করে এই বিজেপি নেতা সাফ জানান, একুশে জুলাই নিয়ে তাঁর কোনও মাথাব্যথাই নেই!

আর এ প্রসঙ্গেই এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আবারও স্পষ্ট জানালেন, “একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই, কিন্তু বিজেপি কর্মীদের কোনও উৎসাহ নেই।” তাঁর এই মন্তব্য একুশে জুলাইয়ের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি, বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিল। তৃণমূলের প্রাক্তনীদের নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ কতটা গভীরে, দিলীপ ঘোষের এই মন্তব্য যেন তারই প্রতিচ্ছবি।