সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিজের জালে নিজেই ফাঁসলেন যুবক! গ্রেফতার করল পুলিশ

বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যেখানে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবার জানিয়েছে, ঘটনার মুহূর্তের ভিডিও অভিযুক্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রায় তিন মাস আগের। সে সময় শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। কিন্তু শিশুটি ছোট হওয়ায় সেভাবে কিছু বলতে পারেনি। ফলে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কোনোভাবে আঘাত লাগতে পারে এবং বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।
সম্প্রতি অভিযুক্ত যুবক শিশুটিকে যৌন হেনস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নির্যাতিতা শিশুর পরিবারের সদস্যদের নজরে আসে। এই ভয়াবহ ঘটনা জানতে পেরেই তড়িঘড়ি নির্যাতিতা শিশুর পরিবার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। একইসঙ্গে, নির্যাতিতা শিশুটির মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে (IT Act) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন এই জঘন্য ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানিয়েছেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।