Weather: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বাংলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন আপডেট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বাড়িয়ে আজ, সোমবার দুপুরের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপটি বর্তমানে উত্তর ওডিশা এবং বাংলার উপকূলের উপর অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলীয় জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
কলকাতার আবহাওয়া: দিনভর বৃষ্টির দাপট
আজ, সোমবার কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে দিনভর বৃষ্টি চলবে। কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে শহরের যান চলাচলের উপর প্রভাব পড়তে পারে। কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ শহরের ট্র্যাফিক মুভমেন্ট শ্লথ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
দক্ষিণবঙ্গের চিত্র: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জন্য জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারও পাঁচ জেলায় ভারী বৃষ্টি: নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
উত্তরবঙ্গের আবহাওয়া: বিক্ষিপ্ত ভারী বৃষ্টি
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।