লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে একাকার একটা আস্ত গাড়ি, মৃত ৪ জনের

একটি সম্পূর্ণ এসইউভি গাড়ি দুমড়ে-মুচড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করতে হল। শুক্রবার সকালেই এমন মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা। প্রাণ হারালেন গাড়িতে থাকা চার জন।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল। পথেই, রানিসরাইয়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। সকালবেলা আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে চলে যায়। বিপরীত দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে ওই গাড়িটিকে। মুখোমুখি সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি একেবারে চেপ্টে যায়।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চার যাত্রীর। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে দমকল ও উদ্ধারকারী দলকে গ্যাস কাটার এনে গাড়ি কেটে মৃতদেহ বের করতে হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বেলদা থানার পুলিশ। চলছে তদন্ত।

অন্যদিকে, একই দিনে আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ঘটেছে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় একটি লরিকে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের মধ্যে। দুর্ঘটনার তীব্রতায় বাইকের আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে ভর্তি করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

একদিনে পরপর দুটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মোট আট জনের। রাজ্যের রাস্তাঘাটে ক্রমবর্ধমান দুর্ঘটনার সংখ্যা ঘিরে উঠছে প্রশ্ন—রাস্তায় নিরাপত্তা আদৌ সুনিশ্চিত কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *