OBC নিয়ে বড়সড় আপডেট! পোর্টালে ঠিক কী পরিবর্তন এসেছে? জেনেনিন বিস্তারিত

পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ (OBC) দপ্তরের অফিসিয়াল পোর্টালে সম্প্রতি এক বড়সড় রদবদল নজরে এসেছে। এতদিন ধরে OBC তালিকাটি OBC-A এবং OBC-B — এই দুটি ভাগে বিভক্ত থাকলেও, হঠাৎ করেই সেই বিভাজন সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ‘OBC’ শিরোনামের অধীনেই তালিকাটি দেখা যাচ্ছে, যার ফলে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও উৎকণ্ঠা।

কী পাল্টে গেল ওয়েবসাইটে?
অনগ্রসর শ্রেণির সরকারি পোর্টালে এতদিন দুটি পৃথক তালিকা দেখা যেত— OBC-A (মূলত মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়) এবং OBC-B (মূলত অন্যান্য অনগ্রসর শ্রেণি)। এই শ্রেণিবিন্যাসের ভিত্তিতেই এতদিন শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের সুবিধা পেতেন বহু মানুষ।

কিন্তু হালফিলের পরিবর্তনে দেখা যাচ্ছে, বর্তমানে ওয়েবসাইটে শুধুমাত্র ২০১০ সালের আগে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়ের নাম রয়েছে। পরবর্তী সময়ে যেসব সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেই সব নাম আর সেখানে নেই। আবার নতুন করে কোনও সম্প্রদায় সংযোজনও হয়নি।

এই পরিবর্তনের পেছনের কারণ কী?
বিভিন্ন মহলের অনুমান, এই পরিবর্তনের সঙ্গে চলমান কলকাতা হাইকোর্টের OBC সংরক্ষণ মামলা ওতপ্রোতভাবে জড়িত। জানা গিয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ওবিসি শ্রেণিকরণের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। এই অবস্থায় আদালতের রায় ঘোষণার আগেই সরকার ওয়েবসাইট থেকে OBC-A ও OBC-B ভাগ মুছে দেয়।

বিশেষজ্ঞদের মতে, এটি হয়ত একটি আইনি কৌশল— যেখানে সরকার নিজের অবস্থান সংশোধন করে আদালতের রায় প্রভাবিত করতে চাইছে। আবার অন্য একাংশ মনে করছে, এটি নিছকই একটি প্রশাসনিক প্রস্তুতি — যাতে চূড়ান্ত রায় অনুযায়ী তালিকা হালনাগাদ করা যায়।

চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ
এই পরিবর্তনের পর থেকেই বিভ্রান্ত রাজ্যের বহু OBC শ্রেণির মানুষ। এক পরীক্ষার্থী বলছেন, “আমরা এতদিন যে ক্যাটেগরিতে ছিলাম, এখন বুঝতেই পারছি না আমাদের অবস্থান কোথায়।” অনেকেই প্রশ্ন তুলেছেন, এই পরিবর্তনের পর তাঁদের সংরক্ষণের সুবিধা কীভাবে প্রভাবিত হবে।