“মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে এআই”-মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’ চালু করলেন জাকারবার্গ

মানুষের বুদ্ধিমত্তা ও সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মেটা (Meta) গঠন করেছে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সুপারইন্টেলিজেন্স ল্যাব। এই উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। এমন এক সময়ে এই খবর এলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি তাদের সব প্ল্যাটফর্মে—ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে —এআই ফিচার যুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে।
বিতর্কের মুখে নতুন ল্যাবের নেতৃত্ব: ওপেনএআই থেকে গবেষক ‘ভাগিয়ে আনার’ অভিযোগ
নতুন এই ল্যাবটির নেতৃত্ব দিচ্ছেন মেটার প্রধান এআই অফিসার আলেকজান্ডার ওয়াং। তাঁর ‘স্কেলএআই’ (ScaleAI) নামের এআই স্টার্টআপে মেটা ১৪৩ কোটি ডলার বিনিয়োগ করার পরই তিনি মেটার এই গুরুত্বপূর্ণ পদে যোগ দেন।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই (OpenAI) থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষককে ‘ভাগিয়ে’ মেটায় আনার ফলে এই নতুন উদ্যোগ নিয়ে এরইমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) অভিযোগ করেছেন, জাকারবার্গ চ্যাটজিপিটির কর্মীদের নিজের কোম্পানিতে আনতে ১০ কোটি ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন, যাদের অনেকেই মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দিয়েছেন।
এই ল্যাবে যোগ দেওয়া সাবেক ওপেনএআই কর্মীদের মধ্যে রয়েছেন শুচাও বি, হুইওয়েন চ্যাং, জি লিন, হংইউ রেন, জিয়াহুই ইউ ও শেংজিয়া ঝাও। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুগল ও অ্যানথ্রপিকের (Anthropic) সাবেক গবেষকরাও রয়েছেন।
জাকারবার্গের লক্ষ্য: ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ এবং এআই-চালিত ভবিষ্যৎ
সোমবার কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে মেটা প্রধান জাকারবার্গ বলেছেন, সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দেওয়া স্মার্ট ও দক্ষ এই কর্মীরা মেটার বিভিন্ন অ্যাপ বা পরিষেবা ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য উন্নত এক ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ বানাতে সাহায্য করবেন।
জাকারবার্গ বলেন, “এআই অগ্রগতির গতি যত বাড়ছে সুপারইন্টেলিজেন্স তৈরির বিষয়টি ততই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, মানুষের জন্য নতুন যুগের সূচনা করবে আমাদের নতুন এ এআই ল্যাব এবং মেটাকে এ পথের নেতৃত্ব দেওয়ার জন্য আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও যোগ করেন, “দ্রুত বাড়তে থাকা এআই চশমা ও পরিধেয় প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছি আমরা। এক্ষেত্রে আমাদের অনেক বেশি দৃঢ়তা ও সাহস নিয়ে এগিয়ে যেতে সাহায্য করছে আমাদের কোম্পানির কাঠামো।”
মেমোতে কর্মীদের উদ্দেশ্যে জাকারবার্গ আরও বলেছেন, আগামী “এক বছর বা তার একটু বেশি সময়ের” মধ্যে সুপারইন্টেলিজেন্স তৈরির “দ্বারপ্রান্তে পৌঁছাবে” মেটা। ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, জাকারবার্গের এমন মন্তব্য ওপেনএআইয়ের সিইও অল্টম্যানের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মেলে, কারণ তিনিও একই রকম সময়ে সুপারইন্টেলিজেন্স আসার ধারণা দিয়েছিলেন।
নতুন এই ল্যাবে মেটার তৈরি নিজস্ব এআই মডেল লামা (Llama)-কে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করা হবে, যাতে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে আরও ভালোমানের এআই সেবা দেওয়া যায়। এই উদ্যোগ আগামী দিনে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে কী ধরনের পরিবর্তন আনবে, তা এখন দেখার বিষয়।