“আমি ফাতিমার বাবা নই, বয়ফ্রেন্ডও নই”-স্পষ্ট করে জানিয়ে দিলেন আমির খান

বলিউড মেগাস্টার আমির খান এবং অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমের গুঞ্জন একসময় সংবাদের শিরোনামে নিয়মিত জায়গা করে নিয়েছিল। ‘দঙ্গল’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে এই গুঞ্জন আরও তীব্র হয়। এতদিন এ বিষয়ে আমির খান নীরব থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমার সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা ও সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি।

আমির খান জানান, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার জন্য তাঁর বিপরীতে একজন নারী শিল্পী খুঁজে পেতে নির্মাতাদের বেশ বেগ পেতে হয়েছিল। যশ রাজ ফিল্মসের এই বড় বাজেটের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরসহ অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রী নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

আমির বলেন, “এটা আদিত্য (চোপড়া) আর ভিক্টরের (বিজয় কৃষ্ণ আচার্য) জন্য তখন আরেকটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কোনো অভিনেত্রীই সিনেমাটির জন্য রাজি হচ্ছিলেন না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—সবাই না বলে দিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবাইকে অফার করা হয়েছিল, কিন্তু ওই একটা চরিত্রে কাউকে নিশ্চিত করা যাচ্ছিল না।”

‘দঙ্গল’-এর বাবা-মেয়ে, ‘থাগস’-এর প্রেমিকা: বিতর্কের সূত্রপাত

শেষ পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ফাতিমা সানা শেখকে সিনেমাটিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্তই ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। কারণ এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা সানা শেখ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই বাবা-মেয়ের সম্পর্ক থেকে সরাসরি ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের বিপরীতে ফাতিমাকে প্রেমিকার চরিত্রে কেমন মানাবে, দর্শক তা কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে দ্বিধায় ছিলেন আদিত্য চোপড়া ও বিজয় আচার্য।

সেই সময়ের ঘটনা স্মরণ করে আমির বলেন, ভিক্টর ও আদিত্য তাকে বলেছিলেন, “ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না।”

আমিরের ভিন্ন মত: “দর্শককে হেয় করা উচিত নয়”

তবে বিষয়টি নিয়ে আমির খানের সম্পূর্ণ ভিন্ন মত ছিল। তাঁর মতে, “আমি এসব বিশ্বাস করি না। কারণ ব্যক্তিজীবনে আমি তার বাবা নই, বয়ফ্রেন্ডও নই। আমরা তো কেবল একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।”

এ প্রসঙ্গে আমির খান কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও রাখির উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, “বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।”

আমিরের এই মন্তব্য ফাতিমার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে এই প্রথম তিনি প্রকাশ্যে ফাতিমা এবং তাঁর সম্পর্ক নিয়ে এত বিস্তারিত কথা বললেন।