গাড়ির ইঞ্জিন অয়েল কখন ও কীভাবে পরিবর্তন করবেন, জেনেনিন সঠিক সময় কখন?

আপনার গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তনের গুরুত্ব সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ ইঞ্জিন অয়েলই আপনার গাড়ির ইঞ্জিনের প্রাণ। এটি শুধু যন্ত্রাংশগুলোকে মসৃণ রাখে না, ঘর্ষণ কমায়, তাপ নিয়ন্ত্রণ করে এবং ময়লা দূর করে ইঞ্জিনকে রাখে তরতাজা। সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে আপনার গাড়ির ইঞ্জিন মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে।

কেন সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন? এর ফলে আপনার গাড়ির আয়ু বাড়ে, মাইলেজ উন্নত হয় এবং বড় ধরনের ইঞ্জিন সমস্যাও এড়ানো যায়। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হলো আপনার গাড়ির ম্যানুয়াল গাইডলাইন অনুসরণ করা।

কখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন?
সাধারণভাবে, প্রতি ৫,০০০-১০,০০০ কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত। অথবা, যদি গাড়ি কম চালান, তবে প্রতি ৬ মাস অন্তর এটি পরিবর্তন করুন। প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট ইঞ্জিন, নির্দিষ্ট অয়েল এবং নির্দিষ্ট সময়সীমা থাকে, তাই ম্যানুয়াল অনুসরণ করা সর্বশ্রেষ্ঠ।

তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ইঞ্জিন অয়েল দ্রুত পরিবর্তন করা প্রয়োজন হতে পারে:

অয়েলের রং কালো হয়ে গেলে: যদি দেখেন অয়েলের রং কালো বা ঘোলাটে হয়ে গেছে, তবে পরিবর্তনের সময় হয়েছে।

ইঞ্জিনের শব্দ অস্বাভাবিক শোনালে: ইঞ্জিন থেকে যদি অস্বাভাবিক বা কর্কশ শব্দ আসে, তবে এটি অয়েলের কার্যক্ষমতা হারানোর লক্ষণ হতে পারে।

অয়েল লেভেল কমে গেলে: ডিপস্টিক চেক করে যদি দেখেন অয়েল লেভেল ‘লো’ মার্কের নিচে চলে গেছে, তাহলে যোগ করুন অথবা পরিবর্তন করুন।

গাড়ি স্টার্ট নিতে দেরি করলে বা ঝাঁকি খেলে: ইঞ্জিন অয়েল পুরোনো বা কমে গেলে গাড়ির স্টার্ট নিতে সমস্যা হতে পারে বা চলাচলের সময় ঝাঁকুনি দিতে পারে।

কীভাবে ইঞ্জিন অয়েল চেক করবেন?
নিজের গাড়ির ইঞ্জিন অয়েল চেক করা খুবই সহজ:

গাড়িটি বন্ধ করে ইঞ্জিন ঠান্ডা হতে দিন।

ডিপস্টিক (Dipstick) বের করে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

ডিপস্টিকটি আবার ইঞ্জিনের স্লটে সম্পূর্ণভাবে ঢুকিয়ে বের করুন।

এবার ডিপস্টিকে অয়েলের স্তর দেখুন। যদি অয়েল লেভেল ‘লো’ মার্কের নিচে থাকে, তাহলে অয়েল যোগ করুন বা পরিবর্তনের প্রয়োজন।

অয়েলের ঘনত্ব, রঙ এবং ময়লা খেয়াল করুন। যদি অয়েল ঘন, কালচে বা ময়লাযুক্ত হয়, তবে দ্রুত পরিবর্তন জরুরি।

নিজেই কীভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন?
ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য আপনার কিছু সরঞ্জাম প্রয়োজন হবে: সঠিক গ্রেডের নতুন ইঞ্জিন অয়েল, নতুন অয়েল ফিল্টার, রেঞ্চ, ফানেল এবং পুরাতন অয়েল রাখার জন্য একটি পাত্র।

ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন:

আপনার গাড়িটি একটি নিরাপদ ও সমতল স্থানে দাঁড় করান।

ইঞ্জিনটি সামান্য গরম হতে দিন (২-৩ মিনিট), এতে পুরাতন অয়েল পাতলা হয়ে সহজে বেরিয়ে আসবে।

ইঞ্জিনের নিচে ড্রেইন বোল্ট (Drain Bolt) খুলে পুরাতন অয়েল একটি পাত্রে সম্পূর্ণভাবে বের করে ফেলুন।

পুরোনো অয়েল ফিল্টার খুলে নতুনটি লাগান। খেয়াল রাখবেন, ফিল্টারটি যেন ভালোভাবে টাইট হয়।

ড্রেইন বোল্ট আবার ভালোভাবে লাগিয়ে দিন। নিশ্চিত করুন এটি লিক করছে না।

ফানেলের সাহায্যে নতুন ইঞ্জিন অয়েল ধীরে ধীরে ইঞ্জিনে ঢালুন, ডিপস্টিক দেখে সঠিক স্তর পর্যন্ত ভরুন।

ইঞ্জিন চালু করে কিছু সময় পর বন্ধ করুন। অয়েল ইঞ্জিনের মধ্যে ছড়িয়ে পড়ার পর ডিপস্টিক দিয়ে অয়েল লেভেল আবার চেক করুন। প্রয়োজনে আরও কিছুটা অয়েল যোগ করুন।

(সূত্র: টয়োটা ওনার্স ম্যানুয়াল)