যে অ্যাপ লুকিয়ে লুকিয়ে আপনার ফোনের ছবি চুরি করছে, জেনেনিয়ে আজই সতর্ক হন

আপনি হয়তো প্রতিদিনই আপনার স্মার্টফোনে নানা ধরনের অ্যাপ ব্যবহার করেন। যখন যা প্রয়োজন হয় অথবা গুগল প্লে স্টোরে নতুন কোনো ভিন্ন অ্যাপ চোখে পড়লে ডাউনলোড করে নেন। কিন্তু আপনি কি জানেন, এই অ্যাপগুলো আপনার কাজ করে দিলেও একই সঙ্গে চুরি করে নিতে পারে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য, এমনকি ছবিও?

সম্প্রতি এক নতুন ম্যালওয়্যারের নাম শোনা যাচ্ছে—‘স্পার্ককিট্টি’ (SparkleKitty)। এই ম্যালওয়্যারটি অত্যন্ত চতুর। এটি আপনার হাতে অ্যান্ড্রয়েড বা আইওএস, যে ডিভাইসটিই থাকুক না কেন, লুকিয়ে আপনার ব্যক্তিগত ছবি হাতিয়ে নিতে পারে। আসলে এটি একটি ছদ্মবেশী অ্যাপ। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে, এটি ক্রিপ্টোকারেন্সির কোনো অ্যাপ। কিন্তু একবার ডাউনলোড করে ফেললেই সর্বনাশ! আপনার ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে।

যদি এরই মধ্যে আপনি এই অ্যাপটি ব্যবহার করে থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে এটি ডিলিট করুন

কীভাবে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে?

অনেকেই হয়তো ভাবছেন, কোন অ্যাপটি খারাপ, তা কীভাবে বুঝবেন? অথবা আপনার ফোনে সত্যিই নজরদারি চলছে কি না, তা জানার কি কোনো উপায় আছে? কয়েকটি সহজ উপায়ে আপনি নিজেই এটি পরীক্ষা করে নিতে পারবেন:

১. ব্যাটারির অস্বাভাবিক ব্যবহার: আপনার ফোনের ব্যাটারির শক্তি যদি অস্বাভাবিক হারে কমে যায়, তাহলে সতর্ক হোন। স্পাই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রচুর ব্যাটারি খরচ করে।

২. অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে পারমিশন চেক: * ফোনের সেটিংস-এ যান। * এরপর প্রাইভেসি (Privacy) অপশনটি খুঁজুন। * সেখানে পারমিশন ম্যানেজার (Permission Manager)-এ যান। * এখানে দেখুন, আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা গ্যালারির অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দেওয়া আছে। কোনো অপরিচিত বা অপ্রয়োজনীয় অ্যাপকে এই পারমিশন দেওয়া থাকলে তা বাতিল করুন।

৩. আইফোনের ক্ষেত্রে প্রাইভেসি সেটিংস: * আইফোনের সেটিংস (Settings)-এ যান। * এরপর প্রাইভেসি (Privacy)-তে যান। * এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশনের অ্যাক্সেস দেওয়া আছে। সন্দেহজনক অ্যাপের অ্যাক্সেস বন্ধ করুন।

৪. নেটওয়ার্ক মনিটরিং: * অনেক স্পাই অ্যাপ রিমোট সার্ভারের সঙ্গে যুক্ত থাকে। দেখুন আপনার সিস্টেমে ওয়্যারশার্ক (Wireshark)-এর মতো কোনো নেটওয়ার্ক মনিটরিং টুল জুড়ে দেওয়া হয়েছে কি না। এই টুলগুলো অস্বাভাবিক নেটওয়ার্ক কার্যকলাপ শনাক্ত করতে পারে। * আপনার ওয়াইফাই রাউটারে কোনো অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কি না, সেটাও দেখে নিন।

এই লক্ষণগুলো খেয়াল রাখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন আপনার ফোনে কেউ বা কোনো অ্যাপ নজরদারি চালাচ্ছে কি না। স্মার্টফোনের নিরাপত্তা আপনার হাতেই, তাই সতর্ক থাকুন!