রেল লাইনের ওপর দিয়ে ছুটছে চারচাকা গাড়ি! মহিলার কান্ড দেখে অবাক নেটিজেনরা, ভাইরাল ভিডিও

রেললাইনের উপর দিয়ে ছুটছে গাড়ি— এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে তেলেঙ্গানার কোন্ডাকাল ও শঙ্করপল্লীর মাঝামাঝি বৃহস্পতিবার ভোরে এমনই এক অদ্ভুত ও বিপজ্জনক দৃশ্য ধরা পড়েছে।

এক মহিলা চালক নিজের চারচাকা গাড়ি নিয়ে সোজা উঠে পড়েন রেললাইনে, আর সেই লাইনের উপর দিয়েই চালাতে থাকেন গাড়ি! এই ঘটনায় কার্যত স্তব্ধ হয়ে যায় ওই রুটের ট্রেন চলাচল।

রেলকর্তাদের মতে, গাড়িটি শঙ্করপল্লী থেকে হায়দরাবাদমুখী লাইনের উপর দিয়ে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণহীনভাবে ছুটতে থাকে। গাড়ি থামানোর চেষ্টা করেন রেলকর্মীরা, তবে মহিলা চালক তাঁদের কথায় কর্ণপাত না করে দ্রুত বেরিয়ে যান।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি ট্রেনকে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয়, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

এই ঘটনায় বেঙ্গালুরু-হায়দরাবাদ রুটে ট্রেন চলাচল ৪৫ মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়।

রেললাইনের উপর থেকে গাড়িটি সরাতে কর্তৃপক্ষের ৩০ মিনিট সময় লাগে, তারপরই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।

ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। মহিলা চালককে গাড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, ওই মহিলা মদ্যপ অবস্থায় থাকতে পারেন।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই উদ্ভট ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নেটিজেনরা বিস্ময় ও উদ্বেগ মিলিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এমন অনিয়ন্ত্রিত কাণ্ডে বড় দুর্ঘটনা ঘটতে পারত, সময়মতো ট্রেন থামিয়ে রেল কর্তৃপক্ষ যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তা মানছেন অনেকেই। তবে প্রশ্ন উঠছে— কিভাবে একজন চালক নির্বিঘ্নে রেললাইনে গাড়ি চালাতে পারলেন? কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা?