সপ্তাহে একদিন মদ খেলে কী হয়? দেখুন চিকিৎসকরা কি বলছেন

অনেকেরই ধারণা, শুধুমাত্র ছুটির দিন বা কোনও উৎসবে হালকা অ্যালকোহল গ্রহণ শরীরের ক্ষতি করে না। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। সপ্তাহে একদিনের মদ্যপানেও লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি, লিভার রোগ বিশেষজ্ঞ ডাঃ সিরিয়াক এবি ফিলিপস সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়বিদারক ছবি শেয়ার করেছেন। তিনি প্রকাশ করেন একটি ৩২ বছর বয়সী পুরুষের ক্ষতিগ্রস্ত লিভারের ছবি, যিনি কেবলমাত্র সপ্তাহান্তে অ্যালকোহল পান করতেন। ছবিতে দেখা যায়, লিভারটি কালো ও দাগে ভরা। তাঁর স্ত্রী, যিনি কখনও মদ্যপান করেননি, তাঁর গোলাপি, সুস্থ লিভারটি স্বামীকে দান করেন—শুধু তাঁদের সন্তানকে বাবার কাছে বড় হতে দেখার সুযোগ দেওয়ার জন্য।
অ্যালকোহল কতটা ক্ষতিকর?
চিকিৎসকদের মতে, অ্যালকোহলের প্রভাব নির্ভর করে একাধিক বিষয়ের উপর:
অ্যালকোহল কতটা ও কত দ্রুত গ্রহণ করা হয়েছে
রক্তে অ্যালকোহলের ঘনত্ব (BAC)
শরীরের বিপাক প্রক্রিয়ায় কাজ করা এনজাইম (ADH ও ALDH2)
ব্যক্তির বয়স, খাদ্যাভ্যাস, ধূমপানের অভ্যাস এবং দিনের কোন সময়ে পান করা হচ্ছে
এই সমস্ত ফ্যাক্টর মিলিয়ে কম পরিমাণে অ্যালকোহল গ্রহণও হতে পারে লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ এবং স্নায়বিক সমস্যার কারণ।
লিভার হল শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্ব-আরোগ্যক্ষম অঙ্গ। তবে অতিরিক্ত চাপের মুখে এই ‘সেলফ-হিলিং’ ক্ষমতা হারিয়ে ফেলে সে। চিকিৎসকরা জানাচ্ছেন, লিভারই একমাত্র অঙ্গ, যা আংশিক দান করলেও সময়ের সঙ্গে পুনরায় বৃদ্ধি পায়—দাতা ও গ্রহীতা উভয়ের শরীরেই।
চিকিৎসকদের পরামর্শ,“শুধু উৎসবে নয়, ‘সপ্তাহে এক দিন’ মদ্যপানও বিপজ্জনক হতে পারে। সুস্থ জীবন চাইলে, অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।”
অতএব, ‘কম খাই, মাঝে মাঝে খাই’ বলেও অ্যালকোহলকে নিরীহ ভাবার সময় পেরিয়ে গেছে। লিভার যখন চুপিচুপি ক্ষয়ে যাচ্ছে, তখন সচেতন হওয়াই একমাত্র উপায়।