গঙ্গার বুকে মর্মান্তিক দুর্ঘটনা, বর্ষার শুরুতেই নৌকাডুবি, নিখোঁজ এক শ্রমিক

বর্ষার শুরুতেই মালদায় গঙ্গার বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল। মাছ ধরার ছোট নৌকা উল্টে এখনও নিখোঁজ রয়েছেন একজন। শুক্রবার সকাল থেকে তাঁর সন্ধানে গঙ্গায় জোরদার তল্লাশি চালানো হলেও, রাত পর্যন্ত মেলেনি তাঁর কোনো হদিশ। এই ঘটনায় কালিয়াচক ৩ নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের পারলালপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

মাঝরাতে বিপর্যয়: ১৩ জনের মধ্যে ১২ জন উদ্ধার
নিম্নচাপের প্রভাবে গত তিনদিন ধরে মালদা জেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি, যার জেরে বর্ষা তার আগমনী বার্তা নিয়ে এসেছে। এরই মধ্যে বৃহস্পতিবার মাঝরাতে ঘটে যায় এই বিপর্যয়। মুর্শিদাবাদের ধুলিয়ান ঘাট থেকে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারলালপুর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি ছোট মাছ ধরার নৌকা। তাতে সওয়ার হয়েছিলেন মোট ১৩ জন। মাঝগঙ্গায় আচমকা উল্টে যায় নৌকাটি। ১৩ জনই তলিয়ে যান স্রোতের গভীরে। ভাগ্যক্রমে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, একজন এখনও নিখোঁজ রয়েছেন।

বাঁকুড়া থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মাঝরাতে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের ১১ জন পরিযায়ী শ্রমিক বাঁকুড়া থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ট্রেনে ধুলিয়ান গঙ্গা স্টেশনে নেমে তাঁদের গ্রামে ফেরার সহজ পথ ছিল গঙ্গা পারাপার। রাত দেড়টা নাগাদ তাঁরা ধুলিয়ান ঘাটে পৌঁছান। কিন্তু তখন নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় পারলালপুরের দিকে যাচ্ছিল একটি ছোট মাছ ধরার নৌকা।

নৌকায় দু’জন মাঝি ছিলেন। চরম বিপদের মুখে পড়া পরিযায়ী শ্রমিকরা তাঁদের অনুরোধ করে কোনওরকমে নৌকায় উঠে পড়েন। কিন্তু বর্ষার এই ভরা গঙ্গায় স্রোত ছিল তীব্র। মাঝগঙ্গায় ছোট নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। মুহূর্তেই উল্টে যায় নৌকাটি। দুই মাঝি সহ-১২ জন সাঁতার কেটে পারলালপুর ঘাটে পৌঁছতে সক্ষম হলেও, জাহাঙ্গির শেখ (৩২) নামে এক শ্রমিক জলের গভীরে তলিয়ে যান।

উদ্ধার অভিযান জারি, পরিবারে হাহাকার
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত স্পিডবোট নিয়ে জাহাঙ্গির শেখের সন্ধানে তল্লাশি শুরু করেন। কিন্তু বিকেল ৪টা পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

নিখোঁজ জাহাঙ্গিরের দাদা রবিউল শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভাই বাইরে কাজে গিয়েছিল। গ্রামের আরও কয়েকজনের সঙ্গে গিয়েছিল। কাজ সেরে গতকাল রাত দেড়টা নাগাদ ওরা ধুলিয়ান ঘাট থেকে একটা মাছ ধরার ছোট নৌকায় চেপে এপারে আসছিল। মাঝি সহ মোট ১৩ জন ছিল। তখনই গঙ্গায় নৌকা উল্টে যায়। ১২ জন সাঁতরে পাড়ে এলেও আমার ভাইকে পাওয়া যাচ্ছে না।”

কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানিয়েছেন, নিখোঁজ শ্রমিককে উদ্ধারের জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। গঙ্গায় স্পিডবোট নামানো হয়েছে। তবে বর্তমানে নদীতে জলস্তর অনেকটাই বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিকেল পর্যন্ত ওই শ্রমিককে উদ্ধার করা যায়নি। প্রশাসন তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। জাহাঙ্গিরের পরিবার এবং গ্রামবাসীরা এখন শুধু অলৌকিক কিছুর অপেক্ষায়।