‘হেরা ফেরি ৩’ নিয়ে আশার আলো! পরেশের প্রত্যাবর্তন নিয়ে কি এখনও আশাবাদী অক্ষয়?

বিগত কয়েকদিন ধরে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘হেরা ফেরি ৩’ ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত জটিলতা। পরেশ রাওয়ালের এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। যদিও শোনা যাচ্ছে, পরেশ রাওয়ালের সঙ্গে অক্ষয় কুমারের কিছুটা মতান্তর হয়েছিল, তবুও অক্ষয় কুমার এখনও পরেশকে ছবিতে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তি, ‘হেরা ফেরি ৩’ শুধু অভিনেতা-অভিনেত্রী নন, আপামর দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু ছবির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পর হঠাৎ করে পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি। এর জেরে তৈরি হয়েছিল আইনি জটিলতাও।
পরেশ রাওয়ালের সরে যাওয়ার পর শোনা যাচ্ছিল যে, ‘বাবু রাও’ চরিত্রে হয়তো অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে। যদিও দর্শক ‘বাবু ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেন না। এই কথা পঙ্কজ নিজেও স্বীকার করেছেন। তবে সম্প্রতি অক্ষয় কুমারের মুখে শোনা গেল ভিন্ন কথা।
‘হেরা ফেরি ৩’ ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অক্ষয় কুমার বলেন, “যা কিছু ঘটছে তা আপনাদের সামনে ঘটছে। তবে আমি এখনও ফিঙ্গার ক্রস করে রয়েছি। সবকিছু ঠিক হয়ে যাবে এই আশাই করছি। আমি নিশ্চিত ভাবে জানি সবকিছুই ঠিকঠাক হবে।”
অক্ষয়ের মুখে এই কথা শুনে ভক্তরা বেশ সন্ধিহান। তাহলে কি সবকিছু আবার ঠিক হয়ে গেল? পরেশ রাওয়াল কি রাজি হয়েছেন ছবিতে ফিরে আসতে? যদি এমনটাই হয়, তাহলে এর থেকে ভালো খবর আর কী হতে পারে! তবে আদৌ কী ঘটনা ঘটেছে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ‘হেরা ফেরি ৩’ এর ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।