ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

প্রথমে পাকিস্তান এবং পরে হংকং-কে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু এশিয়া কাপের মাঝেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন অলরাউন্ডার জাড্ডু। ২ ওভারে দিয়েছিলেন মাত্র ১১ রান। এবং ব্যাট হাতে ২৯ বলে ৩৫ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
অপরদিকে, এশিয়া কাপের দুই ম্যাচেই ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে দেখা যায়নি দলের অধিনায়ক রোহিত শর্মাকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ বলে ১২ রান এবং হংকং-এর বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে আউট হন দলের অধিনায়ক।
হিটম্যানের এই পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ হাফিজ। তাঁর কথায়, রোহিতের ব্যাটিংয়ে পুরনো আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে না। বিভ্রান্ত লাগছে।