ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতার খিদিরপুরে, পুড়ে ছাই প্রায় ৬০০ দোকান

রবিবার গভীর রাতে কলকাতার খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি দোকান ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছালেও, সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ‘পকেট ফায়ার’ (ক্ষুদ্র আকারে আগুন) দেখা গেছে এবং আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে বাজারে হঠাৎ আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকলে খবর দেন। তবে অভিযোগ উঠেছে, থানা ও দমকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দমকলের গাড়ি ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। এছাড়া, গঙ্গা থেকে পাম্পের মাধ্যমে জল এনে আগুন নেভানোর পরিকল্পনা থাকলেও, সেই ব্যবস্থা করতে অনেকটা সময় লেগে যায়, যার ফলে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও, ব্যাপক সম্পত্তির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি তেলের গুদাম ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন, যার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দমকলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সুজিত বসু বলেন, “একটা গাড়ি আসতে গেলেও কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন দমকলকর্মীরা।” তিনি আরও বলেন, দোকান তৈরির সময় অনেকেই নিয়ম ঠিকমতো মেনে চলেন না। মন্ত্রী বলেন, “একটা ঘটনা ঘটেছে, আমরা দেখব।” আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।