জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি উত্তরের জেলা গুলিতেও! জারি কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গে এখনও বর্ষার প্রবেশ না ঘটলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলেও আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

এছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মাঝে দু’দিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও, আগামী দিনগুলিতে মালদা ও দক্ষিণ দিনাজপুরে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে, রাজ্যের দুই প্রান্তেই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।