“আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু”-আমেরিকার কাছে সহায়তা চাইলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি সহায়তার আর্জি জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে মার্কিনিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি, যেখানে ইংরেজিতে নেতানিয়াহু বলেছেন, “মধ্যপ্রাচ্যে স্বৈরাচারী ইরানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল।”

নেতানিয়াহু তার ভিডিও বার্তায় মার্কিনিদের উদ্দেশে বলেন, “আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা কর‌ছি, যা আমাদের সবাইকে এখন কিংবা পরে বিপদের মুখে ফেলবে।” তিনি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান জনগণ এবং বিশ্বের আরও অনেকের স্পষ্ট সমর্থনে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।” নেতানিয়াহুর এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, তিনি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিনিদের আরও সক্রিয় অংশগ্রহণ চাইছেন।

এদিকে, জানা গেছে, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বাঙ্কারে অবস্থান করছেন। সেখানে তিনি ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী সামরিক রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তার এই বাঙ্কারে অবস্থান যুদ্ধের বর্তমান পরিস্থিতির তীব্রতাকেই তুলে ধরছে।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের এই সংঘাতে সরাসরি জড়িত হয়নি। তবে নেতানিয়াহুর বারবার সহায়তার আবেদন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি যেকোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের গভীর সম্পর্ক বিবেচনা করলে নেতানিয়াহুর এই আহ্বানের একটি ভিন্ন গুরুত্ব রয়েছে। দেখার বিষয়, এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এতে কতটা জড়িয়ে পড়ে।