বড়মার শরণে অনুব্রত, মায়ের মন্দিরে প্রার্থনা করলেন বীরভূমের দাপুটে নেতা

বোলপুর থানার আইসি-কে উদ্দেশ্য করে করা মন্তব্যের জেরে আইনি জটে বেকায়দায় পড়া বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে দেখা গেল নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে। জামিন না নিয়েই দলীয় বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে শুক্রবার সন্ধ্যায় তিনি বড়মার দর্শনে যান।
জানা গেছে, সন্ধ্যার আরতির সময় নৈহাটির বড়মার মন্দিরে হাজির হন এই প্রভাবশালী তৃণমূল নেতা। সেখানে তিনি প্রায় মিনিট কুড়ির বেশি সময় কাটান। সাধারণ ভক্তদের পাশেই দাঁড়িয়ে মায়ের পায়ে পুজো দেন এবং চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ প্রার্থনা করতেও দেখা যায় তাকে। অনেকে মনে করছেন, কালীভক্ত অনুব্রত তার বিরুদ্ধে চলমান বিতর্কের ‘দোষ কাটানোর’ উদ্দেশ্যেই এদিন বড়মার দর্শনে এসেছিলেন। নৈহাটি বড় মা কালী মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের হাতে বড়মার একটি ছবি তুলে দেন। যদিও এদিন তার সঙ্গে অন্যান্য তৃণমূল নেতৃত্বদের বিশেষ দেখা যায়নি।
প্রসঙ্গত, আইসি-কে কুকথার ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তলব পাওয়ার পর তিনি পাঁচ দিন ‘বেড রেস্টে’ থাকার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছে হাজিরাও দিয়েছেন। এই ঘটনায় তৃণমূলের মুখ পুড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এরই মধ্যে, শনিবার রাজ্যের সমস্ত জেলা সভাপতিদের কলকাতার ভবানীপুরে ডেকে পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলীয় সূত্রে খবর, সেই সভাতেই যোগ দিতে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। আইনি বিড়ম্বনার মধ্যেও তার এই দলীয় বৈঠকে বহাল তবিয়তে যোগদান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুব্রত এই মুহূর্তে তার আইনি সমস্যা এবং দলের মধ্যে তার অবস্থান নিয়ে কোন পথে এগোচ্ছেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।