রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আর আটকে থাকতে হবে না জ্যামে, চিন-জাপানের মতোই ‘উড়ন্ত গাড়ি’ এবার ভারতেও?

যানজটে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা অফিসযাত্রীদের ভোগান্তি কমাতে এবার এক যুগান্তকারী পদক্ষেপের পথে হাঁটছে ভারত। ভবিষ্যতে আর এই যানজট থাকবে না; আকাশপথেই উড়ে উড়ে অফিস থেকে বাড়ি পৌঁছানো যাবে! এমনই এক ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র, যার মধ্যে রয়েছে এয়ারপড বেসড সিস্টেম এবং ফ্ল্যাশ চার্জিং ইলেকট্রিক বাস। এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন খোদ সড়ক-পরিবহন মন্ত্রী নিতিন গড়করী।

রাস্তাঘাটে যানজট কমানো এবং বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই ভারত এবার ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার দিকে এগোচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী জানান যে, সরকার বিকল্প গণপরিবহনের কথা চিন্তাভাবনা করছে এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চলছে। যানবাহনের গতির দিকে যেমন নজর দেওয়া হচ্ছে, তেমনই যাত্রীদের আরামকেও প্রাধান্য দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, এই বিষয়ে একাধিক আন্তর্জাতিক কোম্পানি মোট ৩৬০টি প্রস্তাব দিয়েছে। দিল্লি এবং বেঙ্গালুরুর মতো শহরে ইতিমধ্যেই একাধিক পাইলট প্রকল্প শুরু হয়েছে। গড়করী আরও জানান, পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহনকে সম্পূর্ণরূপে বিদ্যুৎ নির্ভর করার চেষ্টা করা হচ্ছে, এতে দূষণ অনেক কমবে। দিল্লিতে ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু হয়ে গেছে।

ট্রায়াল সফল হলে, প্রথমে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এরপর ধাপে ধাপে বাকি শহরগুলিতেও এটি চালু করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এবার গণপরিবহন হিসাবে এরিয়াল পড ট্যাক্সি বা ফ্লায়িং বাস-এর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। চীন-জাপানে যেমন বাড়ি ভেদ করে, এলিভেটেড ট্র্যাক দিয়ে ট্রেন যায়, তেমনই ভারতেও ইলেকট্রিক পড আনার চিন্তাভাবনা করা হচ্ছে। এগুলি সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত হবে এবং এর আরেকটি বিশেষত্ব হলো, এই পডে কোনো চালক থাকবে না।

ভারতে ডাবল ডেকার বাসের মতো পড চালু করা হতে পারে, যেখানে সর্বাধিক ১৩৫ জন যাত্রী বহন করতে পারবে। বিমানে যেমন এয়ার হস্টেস থাকে, তেমনই এই বাসে বাস হস্টেস থাকবে। বাসগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। মেট্রোর লাইনের মতোই এই পডের জন্যও ওভারহেড রেল সিস্টেম চালু করা হবে। আমেরিকা, ইউরোপ, রাশিয়া থেকে একাধিক প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবগুলি খতিয়ে দেখা হচ্ছে।

এই বাসগুলির আরেকটি বিশেষত্ব হবে ফ্ল্যাশ চার্জিং সিস্টেম। স্টপেজে যখনই পড বা বাসগুলি দাঁড়াবে, সঙ্গে সঙ্গেই তা চার্জ হতে শুরু করবে। মাত্র ৩০ সেকেন্ডেই বাস চার্জ হবে এবং তা একবার চার্জে ৪০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।