অবশেষে কাটছে জল্পনা! জুন মাস থেকেই চালু হতে পারে কলেজ ভর্তির পোর্টাল, জেনেনিন তারিখ!

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিকাশ ভবন সূত্রে জানা গেল গুরুত্বপূর্ণ খবর। আগামী ১৭ জুন, ২০২৫, বিকেল ৪টা থেকে কলেজ ভর্তির পোর্টাল চালু হতে পারে।
প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলেও, এতদিন পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক চিন্তিত ছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই সময় তিনি আশ্বস্ত করে জানিয়েছিলেন যে, গত বছর ১৯ জুন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, এবার তার আগেই শুরু হবে।
ব্রাত্য বসু বলেছিলেন, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে। ইউজিসি-র যে গাইডলাইন আছে, সেটা মেনেই সবটা করা হচ্ছে। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেটা চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।”
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর আজ বৃহস্পতিবার বিকাশ ভবন সূত্রে নিশ্চিত খবর এসেছে যে, আগামী ১৭ জুন থেকেই ভর্তির পোর্টাল খুলতে পারে। তবে, গত বছর ২০২৪ সালেও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, যা প্রায় নভেম্বর মাস পর্যন্ত চলেছিল। এর ফলে সেমিস্টারের অনেক দিন নষ্ট হয়েছিল এবং শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। এবারও তেমনটা হবে না তো, এই আশঙ্কায় রয়েছেন অনেক পড়ুয়া।
অন্যদিকে, হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলা চলায় সংরক্ষণের জটিলতাও ভর্তি প্রক্রিয়া শুরু হতে বিলম্বের একটি বড় কারণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, ১৭ জুন পোর্টাল খোলার পর ভর্তি প্রক্রিয়া কতটা মসৃণভাবে এগোয়।