গল্প করতে করতেই ৮লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী, প্রকাশ্যে CCTV ফুটেজ!

একই দোকানে বারবার ক্রেতা সেজে রেইকি করে সময় বুঝে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। ভরসন্ধ্যায় শ্রীরামপুরের বউবাজার এলাকার একটি সোনার দোকানে এই ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজ বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে গল্পের ছলে মহিলা কর্মীকে কার্যত বোকা বানিয়ে এই দুঃসাহসিক ছিনতাই করা হয়।

ঘটনাটি গত ২৮ মে সন্ধ্যা সাতটা নাগাদ ঘটে। সেই সময় দোকান প্রায় ফাঁকাই ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক দোকানে প্রবেশ করে। সে দোকানের মহিলা কর্মীকে বলে, আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করে দিতে হবে। কর্মী সরল বিশ্বাসে সোনার চেনের বাক্স বের করে সবকটি চেন তাকে দেখাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দ্রুত দৌড় দেয় ওই দুষ্কৃতী। প্রায় ৮০ গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় সে।

সোনার দোকানের মালিক জানিয়েছেন, এই দুষ্কৃতী নতুন নয়। গত ১৪ তারিখে এই অচেনা ব্যক্তিটি দোকান থেকে একটি রুপোর চেন কিনেছিল। এরপর ২৫ তারিখে সে আবার এসে একটি রুপোর আংটি কেনে। বারবার দোকানে আসার মাধ্যমে সে যেন দোকানের পরিস্থিতি এবং কর্মীর গতিবিধি সম্পর্কে ধারণা লাভ করছিল। ২৮ তারিখে সে আবার দোকানে আসে এবং সোনার চেন দেখতে চায়। আর মহিলা কর্মী চেন বের করতেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, তদন্ত চলছে। তিনি আশা প্রকাশ করেন যে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। জানা যাচ্ছে, আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, যা তাকে শনাক্ত করতে এবং ধরতে পুলিশকে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা শ্রীরামপুরের ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।