“অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে আসতে পারলে, একজন সাংবাদিক…” যা বললেন কুণাল

সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত কুণাল ঘোষ এবার নাম লেখাচ্ছেন অভিনয়ের খাতায়। পরিচালক অরিন্দম শীলের আসন্ন ক্রাইম থ্রিলার ‘কর্পূর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিউডে শুরু হয়েছে জোর চর্চা।
বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলার এক প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ জানান, কেন তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, “সাংবাদিক হিসেবে আমি সব ধরনের মাধ্যমে কাজ করেছি। তারপর একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার বিষয়টি সম্পূর্ণ নতুন। অরিন্দমের থেকে ছবিতে একটি চরিত্র করার প্রস্তাব পেলাম। অরিন্দম এর আগে যেসব ক্রাইম থ্রিলার তৈরি করেছেন, সেগুলো বেশ ভালো। আর আমার বন্ধু ব্রাত্য বসু এই ছবিতে অভিনয় করছে। ওঁকে বলেছি, আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে। অরিন্দমও এক্ষেত্রে আমার মাস্টারমশাই।”
কুণাল ঘোষের কথায় তাঁর আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। অভিনয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, “আমি ভালো পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে কাজের অনেক ব্যস্ততা রয়েছে। তারপর দুর্গাপুজোর আগে লেখার কাজও আছে। তবে ওয়ার্কশপ করব বলেছি। এতজন অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে আসতে পারলে, একজন সাংবাদিক-রাজনীতিক অভিনয় করতে পারবে না কেন? আমি ভালো পারফর্ম করে দেখাবো।”
‘কর্পূর’ ছবিতে কুণাল ঘোষের সহ-অভিনেতা হিসেবে থাকছেন ব্রাত্য বসু এবং কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন নিয়মিত অভিনয় করছেন। ছবির প্রধান চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
কুণাল বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলাকে আরও জানান যে, এর আগে তিনি অন্য ছবির চিত্রনাট্য শুনেছেন, তবে নিজে অভিনয় করছেন এমন অংশের চিত্রনাট্য পেয়ে তাঁর বেশ ভালো লেগেছে। পরিচালক অরিন্দম শীল কুণালের উপর তাঁর যে ভরসা রয়েছে, সে কথা চিত্রনাট্যের প্রথম পাতাতেই নিজে হাতে লিখে দিয়েছেন। এই বিষয়টি বেশ উপভোগ করেছেন কুণাল।