শয্য়াশায়ী অনুব্রত মণ্ডল, ভাইরাল অডিয়ো নিয়ে যা বললেন কাজল শেখ

সম্প্রতি একটি ভাইরাল অডিয়োকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক ঝড় উঠেছে, যার কেন্দ্রে রয়েছেন বীরভূমের একসময়ের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল। বারবার পুলিশ ডাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁকে থানায় দেখা যায়নি। বর্তমানে শয্যাশায়ী অনুব্রতকে সময় পেলেই দেখতে যাবেন বলে জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, যাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভাইরাল অডিয়ো কাণ্ডের পিছনে থাকার বিস্ফোরক দাবি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।
অনুব্রত মণ্ডলের তিহাড় যাত্রার আগে থেকেই তাঁর এবং কাজল শেখের মধ্যে মনোমালিন্য নিয়ে কম জল্পনা হয়নি। কলকাতা ফেরার পরও সেই ছবি অপরিবর্তিত। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুব্রতকে ‘সতর্ক’ করতে দেখা যায়। তিনি স্পষ্ট বলেছিলেন, “কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে।” এরপরও কি পরিস্থিতির বড় বদল এসেছে? এই প্রশ্ন ঘুরপাক খেলেও কাজল শেখের দাবি, অনুব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক কোনোকালেই খারাপ ছিল না।
তাঁর কথায়, “আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদার তুতু ম্যা ম্যা হয়েছে? দেখাতে পারবেন না। যখন দেখাতে পারছেন না তাহলে বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যে সব বার্তা আসছে সেগুলিকে আমি ভুল বলে মনে করি।”
শুধু তাই নয়, সময় বের করতে পারলেই তিনি সোজা অসুস্থ অনুব্রতকে দেখে আসবেন বলে টিভি-৯ বাংলার ক্যামেরার সামনে স্পষ্টতই জানান কাজল শেখ। প্রশ্ন করতেই তিনি বলেন, “কেষ্টদাকে দেখতে যাব না তো কখনও বলিনি। অবশ্যই যাব। আমি তো গতকাল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলাম। ওনার চোখে অপারেশন হয়েছে। এখনও একটু ব্যস্ত রয়েছি। ব্যস্ততা কেটে গেলেই দেখতে যাব কেষ্টদাকে। ফোনও করব। খোঁজ করব।”
এই মন্তব্যের পর অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল অডিয়ো কাণ্ডের জট খুলতে এবং অনুব্রত-কাজল কাজিয়া নিয়ে জল্পনার অবসান ঘটাতে এই সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ হয়, সেটাই এখন দেখার বিষয়।