রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন, নেওয়া হল বড় পদক্ষেপ

ভুয়ো ভোটার এবং ভোটদানের হার প্রকাশ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে এবং সব মহলের নড়েচড়ে বসার পরিস্থিতিতে, কমিশন এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটিই হবে প্রযুক্তি নির্ভর।

সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের ECINET অ্যাপে প্রতি দু’ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। শুধু তাই নয়, নির্বাচন শেষের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভোট গণনা শুরুর আগেই কেন্দ্রভিত্তিক ভোটদানের সঠিক চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা সরব হয়েছিল। তাদের অভিযোগ ছিল, ভোট শেষ হওয়ার অনেক পরে বিস্তারিত ভোটদানের হার প্রকাশ করা হচ্ছে, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। অন্যদিকে, ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেসও। এই দুই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত।

যদিও পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। এই ফর্মটি ভোটকেন্দ্রে প্রদত্ত মোট ভোটের একটি রেকর্ড, যা পোলিং এজেন্টদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়।

হাতে আর মাত্র কয়েক মাস। তারপরই বিহার, বাংলা-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এমতাবস্থায় কমিশনের এই নতুন সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এবং জনসমক্ষে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কমিশনের এই পদক্ষেপ ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ এবং ভোটদানের হার নিয়ে সৃষ্ট বিতর্ক প্রশমিত করতে কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়।