জামাইষষ্ঠী খেয়ে বাড়ি ফিরেই যোগ দিয়েছিলেন কাজে! ডিউটির মাঝেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর

জামাইষষ্ঠীর ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন। কিন্তু তারমধ্যেই যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবেন, তা সহকর্মীরাও ভাবতে পারেননি। ডিউটিতে থাকাকালীন আচমকা নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মী বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত পুলিশ কনস্টেবলের নাম বিভাস ঘোষ (২৮)। তার বাড়ি নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে। তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। সোমবার রাতে দায়িত্ব পালনকালে আচমকাই তিনি নিজের মাথায় গুলি করে বসেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাত্র তিন মাস আগে বিভাসের বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এমন পরিস্থিতিতে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিতে গেলেন, তা নিয়ে সতীর্থ ও পরিবার উভয়ই ধোঁয়াশায় রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিভাস ঘোষ বেশ কিছুদিন ধরেই নার্ভের ওষুধ খাচ্ছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, কোনো রকম মানসিক অবসাদ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
পরিবারের সদস্যরাও এই ঘটনায় স্তম্ভিত এবং চিন্তিত। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। কী কারণে একজন তরুণ পুলিশ কর্মী, যার নতুন সংসার এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, এমন পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি পুলিশ কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের চাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।