১৭ বছর বয়সী পাক টিকটকারকে গুলি করে খুন! নেপথ্যে কি কারণ? তদন্তে পুলিশ

পাকিস্তানের জনপ্রিয় ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে তার ইসলামাবাদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে, যা দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক রীতিনীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা গেছে, সোমবার (২ জুন) দুজন অপরিচিত ব্যক্তি সানার বাড়িতে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। সানা দুটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সানা ইউসুফের হত্যাকাণ্ড তার অনুসারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মৃত্যুর একদিন আগেই সানা তার জন্মদিন পালন করেছিলেন এবং ইনস্টাগ্রামে একটি উদযাপনের পোস্টও শেয়ার করেছিলেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সানা সম্পর্কিত একাধিক পোস্ট ভাইরাল হয়েছে এবং পাকিস্তানের জনগণ তাদের দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে।

বিভিন্ন গুজবও রটেছে এই হত্যাকাণ্ড ঘিরে। কেউ কেউ বলছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করায় সানার এক খুড়তুতো ভাই এই কাজ করেছে। আবার কেউ কেউ লিখছেন, টিকটকার হওয়ার পর সানার বাবা ও ভাই তাকে ‘অনার কিলিং’-এর শিকার বানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

View this post on Instagram

 

A post shared by sana (@sanayousaf22)

পুলিশ সূত্রে খবর, সানার বাড়িতে আসা অতিথিদের নাম উঠে আসছে। বর্তমানে মামলাটির সঙ্গে তার পরিবারের কেউ জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ‘অনার কিলিং’-এর দিকটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। সানার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সানা ছিলেন একজন নামকরা সমাজকর্মীর মেয়ে। টিকটক ও ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে নারী অধিকার নিয়েও কথা বলেছেন তিনি। তার এই সক্রিয়তা কি হত্যার কারণ হতে পারে, সেই প্রশ্নও উঠছে।