“বিজেপি ও বিরোধীরা কুৎসাকারীদের স্পনসর করছে”- কুনাল ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে ঘিরে বিজেপি এবং বিরোধীদের একাংশের বিরুদ্ধে ‘কুৎসা’ ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কুৎসাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার একটি ছবিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর প্রচার চালানো হচ্ছে বলে কুণাল ঘোষ দাবি করেছেন।
কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানিয়েছেন যে, বিজেপি এবং বিরোধীদের একাংশ এই কুৎসা ছড়ানোর পেছনে রয়েছে। তিনি অবিলম্বে এই কুরুচিকর প্রচার বন্ধ করার জন্য কুৎসাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। তার এই হুঁশিয়ারি রাজ্য-রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ছবি নিয়ে কৌতূহল? জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ কুৎসাকারীদের স্পনসর করছে।” তিনি জোর দিয়ে বলেছেন যে, এই ধরনের প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
কুণাল ঘোষ আরও দাবি করেছেন যে, বিশেষ একটি বইকে সামনে রেখে এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সেই বইয়ের লেখকের ব্যক্তিগত ‘কীর্তি’ ফাঁস করে বলেন, “যাঁর লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন, সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। তাঁর পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ এই অভিযোগ করেছিলেন, যিনি শত্রুঘ্ন সিনহার ‘অন্তর্জলী যাত্রা’ ছবির নায়িকা।”
ছবি নিয়ে কৌতূহল?
জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।
এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে @MamataOfficial জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ… pic.twitter.com/z368dVb2hc— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 2, 2025
কুণাল ঘোষের দাবি অনুযায়ী, এই অভিযোগ এবং আরও কিছু কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছিলেন। কুণাল ঘোষ আরও অভিযোগ করেন যে, ওই লেখক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলার জন্য তৎকালীন শাসকদল সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন এবং সিপিএমের ‘গুডবুকে’ থাকার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে বই লিখেছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো সাদাকালো ছবি ভাইরাল হয়, যেখানে এক দম্পতির সঙ্গে একটি শিশু রয়েছে। এই শিশুটিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি করা হয়েছে। কিন্তু ছবিটির সঙ্গে থাকা বাকি দুই ব্যক্তির পরিচয় নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। কুণাল ঘোষ এই বিষয়ে নেটিজেনদের ভুল ভাঙিয়ে স্পষ্ট করেছেন যে, ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।