রাতের শহরে ফাঁকা রাস্তায় বন্ধুর কাছে স্কুটি শেখার আবদার, তারপরই ভয়ঙ্কর পরিণতি মেধাবী ছাত্রীর

রাতের ফাঁকা রাস্তায় বন্ধুর কাছে স্কুটি শিখতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী। রাজারহাটের রেকজুয়ানিতে এই ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে পূজা সাহা নামে ওই ছাত্রীর। তবে হেলমেট পরে থাকায় অক্ষত রয়েছেন তাঁর পুরুষ বন্ধুটি।
পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা পূজা সাহা রবিবার রাতে তাঁর বন্ধু শুভঙ্কর ভৌমিকের সঙ্গে স্কুটি নিয়ে ঘুরতে যান। শুভঙ্করের বয়ান অনুযায়ী, রাতে পূজার আবদারে তাঁকে স্কুটি চালাতে দেন তিনি, নিজে বসেন পিছনের আসনে। রাজারহাটের রেকজুয়ানি এলাকায় স্কুটি চালানোর সময় পূজা ভুলবশত অ্যাক্সিলারেটর বাড়িয়ে দেন। ঝড়ের গতিতে চলতে থাকে স্কুটি, নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে ছিটকে গিয়ে পড়েন জঙ্গলে।
স্থানীয় বাসিন্দারাই পূজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্র মারফত জানা গেছে, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী পূজার মাথায় হেলমেট ছিল না। তবে তাঁর পুরুষ বন্ধু শুভঙ্করের মাথায় হেলমেট থাকায় তাঁর আঘাত তেমন গুরুতর নয়। রাজারহাট থানার পুলিশ স্কুটিটিকে আটক করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং আবারও হেলমেট ব্যবহারের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।