“একের পর এক বিমান ঘাঁটিতে হামলা”-ইউক্রেনের অপারেশন ‘স্পাইডার ওয়েব’-এ তছনছ রাশিয়া

রবিবার রাতে আকস্মিকভাবে রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের অতর্কিত হামলায় বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU-এর এই গোপন অপারেশন রাশিয়াকে বড়সড় ক্ষতির মুখে ফেলেছে। জানা গিয়েছে, এই হামলায় ৪১টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশ ইউক্রেনের এই হামলাকে দুঃসাহসিক বলে আখ্যা দিচ্ছে। কিন্তু কীভাবে এত বড় মাপের একটি অপারেশন পরিকল্পনা করল ইউক্রেন?
জানা গেছে, রাশিয়াকে চমকে দেওয়ার জন্য ইউক্রেন এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছিল। ড্রোনগুলিকে প্রথমে বাঁশের তৈরি ছাতার ভেতরে লুকিয়ে রাখা হয়। বিস্ফোরক ভর্তি এই ড্রোন-ছাতাগুলি ট্রাকে করে রুশ সীমান্তের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে ছাতাগুলি খোলা হয় এবং কোয়াড্রোকপ্টার ড্রোনগুলি একসঙ্গে আকাশে উড়িয়ে দেওয়া হয়। ড্রোনগুলি নির্ভুলভাবে বিমান ঘাঁটিগুলিতে আঘাত হেনে বিস্ফোরিত হয়।
রয়টার্সকে ইউক্রেনের এক আধিকারিক জানিয়েছেন, “এই অপারেশনের সাংকেতিক নাম ছিল ‘স্পাইডার্স ওয়েব’। চারটি রুশ বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছিল। ইউক্রেনের পক্ষ থেকে এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং গোয়েন্দা সংস্থা SBU-এর প্রধান বসিল মালিউকের তত্ত্বাবধানেই এই ‘স্পাইডার্স ওয়েব’ অপারেশন পরিচালিত হয়। আন্তর্জাতিক মহল মনে করছে, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। এই অপারেশনে মোট ১১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ট্রাক বোঝাই বাঁশের তৈরি ছাতার ভেতর থেকে বিস্ফোরক ভর্তি ড্রোন আকাশে উড়ছে। যদিও bangla.aajtak.in এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি।
ইউক্রেনের নিশানায় ছিল রাশিয়ার বেলায় বিমান ঘাঁটি, যেখানে রাশিয়ার Tu-22M সুপারসনিক বোমারু যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ইউক্রেনের উপর হামলার জন্য পুতিনের সেনারা সাধারণত এই বিমানগুলিই ব্যবহার করে। ইউক্রেনের ‘স্পাইডার্স ওয়েব’ অপারেশনে একাধিক রুশ বোমারু বিমান ধ্বংস হতে দেখা গেছে, যার মধ্যে Tu-95 বিমানও রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেন মুরমানস্ক, ইবানোবি, রিয়াজান এবং অমুর বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। রুশ প্রশাসন হতাহতের কোনো খবর না দিলেও একাধিক বিমান ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা TASS জানিয়েছে, যে ট্রাকগুলিতে করে বিস্ফোরক ভর্তি ড্রোন রুশ সীমান্তে আনা হয়েছিল, সেগুলির চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্মরণীয় যে, ঠিক এক সপ্তাহ আগেই রাশিয়া ইউক্রেনে ৩৬৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার ফলে ১৩ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ৩টি শিশুও ছিল। কিভ, খারকিভ, মাইকোলাইব সহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই হামলায়। এবার ইউক্রেনের এই পালটা হামলা যুদ্ধের গতিপ্রকৃতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।